আদালত অবমাননার দায়ে মাহমুদুর রহমানের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ তাঁকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।একই অভিযোগে পত্রিকাটির বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিদায়ী প্রকাশক হাসমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় উপসম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকীকে অব্যাহতি দেওয়া হয়।আইনজীবীরা জানান, আপিল বিভাগের বিধি ও সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুসারে এ রায় দেওয়া হয়। আদালত অবমাননায় আপিল বিভাগের সরাসরি সাজা দেওয়ার ঘটনা এটিই প্রথম।গত ২১ এপ্রিল ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে আমার দেশ একটি প্রতিবেদন ছাপে। এ নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ৫ মে আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ২ জুন আদালত অবমাননার রুল জারি করেন। একই সঙ্গে মাহমুদুর রহমানসহ পাঁচজনকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। তবে ২ জুন মাহমুদুর রহমান গ্রেপ্তার হন। এ বিষয়ে পাঁচ দিন শুনানি শেষে গতকাল আদালত আদেশ দেন।আদেশ: বিচারকক্ষের ঘড়িতে তখন ১২টা ৩৫ মিনিট। এজলাসে আসেন ছয় বিচারপতি। আদালতের আদেশে পত্রিকাটির বিশেষ প্রতিবেদক অলিউল্লাহ নোমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রকাশক হাসমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাহমুদুর রহমানসহ এ দুজনের ক্ষেত্রে এ সময়ের মধ্যে জরিমানার অর্থ আদালতের হিসাব শাখায় জমা দিতে বলা হয়। তবে বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী ও উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করে তাঁদের আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। আদেশের শেষাংশে বলা হয়, সাজার ক্ষেত্রে ছয় বিচারপতি একমত হলেও মেয়াদ নিয়ে একজন দ্বিমত পোষণ করেছেন। পাঁচ-এক ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায়টি অনুমোদিত হয়।আদালতে মাহমুদুর রহমান নিজেই শুনানি করেন। অপর চারজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও মওদুদ আহমদ। আদালতে পত্রিকার পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, আবদুর রাজ্জাক, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং আবেদনকারীদের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।আদেশের পর: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের বিধিমালা ও সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুসারে আদালত দোষী সাব্যস্ত করে সাজার রায় দিয়েছেন। আদালত অবমাননা মামলায় আপিল বিভাগের সরাসরি সাজা দেওয়ার ঘটনা এটিই প্রথম। আপিলের সুযোগ প্রশ্নে তিনি বলেন, আপিলের সুযোগ নেই। পুনর্বিবেচনার আবেদন প্রশ্নে তিনি বলেন, চেষ্টা করে দেখতে পারে। এ রায়ের ফলে স্বাধীন মত প্রকাশে প্রভাব পড়বে কি না, এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, স্বাধীন মত প্রকাশের অর্থ এই নয় যে আদালতের প্রতি অবমাননাকর উক্তি করা। আদালতের প্রতি জনগণের আস্থার ভিত নড়িয়ে দেয়, এমন কিছু করা যাবে না। এ রায়ের ফলে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করার সাহস কেউ পাবে না।চারজনের পক্ষের আইনজীবী মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, সম্পাদক কোনো আইনজীবী নিয়োগ করেননি। তিনি নিজেই শুনানি করেন। অপর চারজন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তবে মাহমুদুর রহমান ক্ষমা প্রার্থনা করেননি। আপিল বিভাগে এর আগে আদালত অবমাননার অভিযোগ এলেও এ রকম রায় হয়নি। রায়ের কপি পাওয়ার পর বোঝা যাবে, আদালত কীভাবে বিষয়টিকে বিচার-বিশ্লেষণ করেছেন।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, কারাগারে রায়ের কপি পৌঁছানোর পর থেকে এ সাজার মেয়াদের হিসাব হবে।গতকালের শুনানি: সকাল সাড়ে নয়টায় শুনানিতে অংশ নিয়ে মাহমুদুর রহমান বলেন, সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে জনস্বার্থে সঠিক সংবাদ প্রকাশ করা। আমার দেশ জনস্বার্থে সত্য সংবাদ প্রকাশ করেছে। এতে আদালত অবমাননা হয়নি। ঘটনা বর্ণনা করে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করেছে। আদালত অবমাননা হলে তাদের বিরুদ্ধে হওয়া উচিত। তিনি আরও বলেন, আদালতের মর্যাদা রক্ষার জন্য সত্য প্রকাশ করা হয়েছে।ইত্তেফাক-এর সাবেক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া, অবজারভার-এর সাবেক সম্পাদক আবদুস সালামসহ ১৩ সম্পাদকের সাংবাদিকতা পেশায় আসার বিবরণ তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, আবদুস সালাম সরকারি চাকরি থেকে সরাসরি পত্রিকায় যোগ দিয়েছিলেন। মানিক মিয়াও সরকারি চাকরি থেকে সাংবাদিকতায় আসেন। নিজের সম্পর্কে তিনি বলেন, ‘২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থার পর থেকে নিয়মিত কলাম লিখেছি।’ বুধবার উত্থাপিত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ও বিশিষ্ট আইনজীবী শাহ্দীন মালিকের একটি বক্তব্য টেনে তিনি বলেন, আমার দেশ-এ প্রকাশিত সংবাদের কারণে আদালত অবমাননার অভিযোগে বিচার হতে হলে তাঁদের বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ আনা উচিত।এ পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে অংশ নেন। শেষ পর্যায়ে আদালত অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনতে চাইলে তিনি বলেন, মাহমুদুর রহমান একজন উচ্চশিক্ষিত ব্যক্তি। তাঁর মতো ব্যক্তির আদালত অবমাননাকে লঘুভাবে দেখার সুযোগ নেই।