আদালত অবমাননার মামলায় মাহমুদুর রহমানের শত টাকা জরিমানা
আদালত অবমাননার মামলায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত বিদায়ী প্রকাশক হাসমত আলীকে ক্ষমা করে দিয়েছেন।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানান, স্বীকৃতমতে প্রকাশিত নিবন্ধটি কুৎসামূলক। আদালতের আদেশ প্রসঙ্গে বলেন, নিবন্ধটি আদালত অবমাননাকর। আদালত মাহমুদুর রহমানকে দোষী সাব্যস্ত করে বিষয়টি নমনীয়ভাবে গ্রহণ করেছেন। তাই ১০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছেন।গত ১০ মে আমার দেশ পত্রিকায় ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। এ ঘটনায় সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী আপিল বিভাগে আদালত অবমাননার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট আপিল বিভাগ মাহমুদুর রহমান ও হাসমত আলীর প্রতি আদালত অবমাননার রুল জারি করে আপিল বিভাগে হাজির করার নির্দেশ দেন। আজ সকাল নয়টার দিকে পুলিশি নিরাপত্তায় মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় হাসমত আলীও হাজির হন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মাহমুদুর রহমানের পক্ষে আবদুর রাজ্জাক এবং হাসমতের পক্ষে রফিকুল ইসলাম মিয়া, আদালত অবমাননা উল্লেখ করে আবেদনকারীর পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন।গত ২১ এপ্রিল পত্রিকাটিতে ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে দুজন আইনজীবীর করা আরেকটি আদালত অবমাননার মামলায় আপিল বিভাগ পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও বিদায়ী প্রকাশকসহ পাঁচজনের প্রতি রুল জারি করেছিলেন। ১৯ আগস্ট আপিল বিভাগের রায়ে মাহমুদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রায় দেন আপিল বিভাগ। ওই দিন বিদায়ী প্রকাশক হাসমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড এবং পত্রিকাটির বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমানকে এক মাসের কারাদণ্ড দেন আদালত। তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় উপসম্পাদক আবদাল আহমদ ও বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকীকে অব্যাহতি দেওয়া হয়।