আদালত অবমাননায় অভিযুক্ত গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্ট আজ সোমবার আদালত অবমাননার অভিযোগ গঠন করেছেন। স্থানীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ করে চিঠি পাঠানো-সংক্রান্ত আদালতের নির্দেশ গত দুই বছরেও বাস্তবায়ন করেনি গিলানির সরকার। তাই প্রধানমন্ত্রী হিসেবে গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করেছেন সুপ্রিম কোর্ট।এর আগে আদালত অবমাননা মামলার বিরুদ্ধে প্রধানমন্ত্রী গিলানি একটি আবেদন করেন। সুপ্রিম কোর্ট গত শুক্রবার প্রধানমন্ত্রীর ওই আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে এই অভিযোগে তাঁকে আজ সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গিলানি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে জারদারি দায়মুক্তি পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে গিলানির ছয় মাসের কারাদণ্ড হতে পারে। আর তা হলে তাঁকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে।পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ও তাঁর প্রয়াত স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একটি সুইস ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার পাচার করেছেন বলে সন্দেহ করা হয়। ১৯৯০ সালে পাকিস্তানে শুল্ক বিভাগের পরিদর্শন কাজ পেতে কয়েকটি কোম্পানি ওই পরিমাণ অর্থ তাঁদের ঘুষ হিসেবে দেয় বলে অভিযোগ রয়েছে।২০০৮ সালে জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সুইস কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি স্থগিত করে। সুইজারল্যান্ডের আদালতের একজন কৌঁসুলি বলেন, জারদারি যতক্ষণ দেশের প্রেসিডেন্ট থাকবেন এবং মামলা থেকে দায়মুক্তিপ্রাপ্ত (ইম্যুনিটি) থাকবেন, ততক্ষণ তাঁর বিরুদ্ধে ওই মামলা পুনরুজ্জীবিত করা সম্ভব নয়।প্রধানমন্ত্রী গিলানির দাবি করেছেন, প্রেসিডেন্ট জারদারি পূর্ণ দায়মুক্তি সুবিধা পাচ্ছেন। তাঁর সরকারের অভিযোগ, বিচারকেরা তাঁদের ক্ষমতার বাইরের বিষয় নিয়ে নাক গলাচ্ছেন এবং বর্তমান সরকারের মেয়াদ এক বছর বাকি থাকতেই প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চালাচ্ছেন। আদালতের এই পদক্ষেপের পর পাকিস্তানের রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।