আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হলেন গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তাঁকে প্রতীকী দণ্ড দিয়েছেন আদালত। বিচারপতি নাসির-উল-মুলকের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দিয়েছেন।পাকিস্তানের সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলে তাঁর সদস্যপদ চলে যাবে। আর সংসদ সদস্যপদ হারালে তিনি প্রধানমন্ত্রী থাকার যোগ্যতা হারাবেন। তবে এ ক্ষেত্রে আদালত যেহেতু সরাসরি শাস্তি না দিয়ে প্রতীকী দণ্ড দিয়েছেন, তাই গিলানিকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হবে কি হবে না—তা নিয়ে ভিন্ন মত দিয়েছেন সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডে দায়ের হওয়া অর্থ পাচারের মামলাটি পুনরায় চালু করতে সুইজারল্যান্ডের সরকারকে চিঠি লিখতে প্রধানমন্ত্রী গিলানিকে নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কিন্তু তিনি সেই নির্দেশ পালন না করায় গতকাল তাঁকে দোষী সাব্যস্ত করলেন আদালত।রায় ঘোষণা করে বিচারপতি নাসির-উল-মুলক বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশনা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করায় পাকিস্তানের সংবিধানের ৬৩(১)(জি) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এর মাধ্যমে তিনি এই আদালত ও দেশের বিচার বিভাগকে অবজ্ঞা করেছেন।’বিচারপতি বলেন, ‘আদালত অবমাননা অধ্যাদেশের পঞ্চম ধারা অনুযায়ী আদালত মুলতবি না হওয়া পর্যন্ত তাঁকে কারাদণ্ড দেওয়া হলো।’ এ ঘোষণার পর ৩০ সেকেন্ডের মধ্যে আদালত কক্ষ ত্যাগ করেন বিচারক। সে হিসেবে গিলানি প্রতীকীভাবে ৩০ সেকেন্ড কারাদণ্ড ভোগ করেন।এরপর গিলানি হাস্যোজ্জ্বল মুখে আদালত ত্যাগ করেন। এ সময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য এবং তাঁর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতারা সঙ্গে ছিলেন।পিপিপির নেতা ফেরদাউস আশিক আওয়ান আদালতের বাইরে সাংবাদিকদের জানান, এই রায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী গিলানি আপিল করবেন। তিনি বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে আজকের দিনটি একটি কালো দিন। আবারও আক্রমণের শিকার হলো দেশের গণতন্ত্র।’ এএফপি।