আদালত এক নিরপরাধ কারাবন্দীকে মুক্তি দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাচালানের মামলায় সাজা হয়েছিল একজনের। অথচ সাজা খাটছিলেন অন্য একজন। আজ বৃহস্পতিবার হাইকোর্ট কারাবন্দী ওই নিরপরাধ ব্যক্তিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন। ওই কারাবন্দীর বাড়ি চট্টগ্রামে, নাম বিজয় চন্দ্র রুদ্র। বর্তমানে তিনি যশোর কারাগারে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বিজয় রুদ্রকে নিরপরাধ দাবি করে মুক্তির নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেন।রিট আবেদন থেকে জানা যায়, অপু চন্দ্র সরকার নামে চট্টগ্রামের ফটিকছড়ির এক ব্যক্তি নিজ ঠিকানা গোপন রেখে সাতকানিয়ার বিজয় রুদ্রর নাম ঠিকানা উল্লেখ করে পাসপোর্ট করে ভারতে যান। ১৯৯৮ সালের ১৩ জানুয়ারি ভারত থেকে ফেরার পথে অবৈধ পণ্যসহ তিনি বেনাপোলে ধরা পড়েন। এ ঘটনার পরের দিন তাঁর বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় ওই বছরের ২২ জুলাই তিনি জামিন পান। জামিনে মুক্তির পর তিনি লাপাত্তা হয়ে যান। তাঁর অনুপস্থিতিতে বিচারিক আদালত তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাসপোর্টে উল্লেখিত ঠিকানা অনুসরণ করে পুলিশ ২০০৭ সালের ১৩ নভেম্বর বিজয় রুদ্রকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে বিজয় রুদ্র জামিন পান। তবে চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট সাজা বহাল রাখলে গত ২৫ নভেম্বর বিজয় রুদ্র আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি কারাগারে।এলিনা খান সাংবাদিকদের বলেন, ‘অপু চন্দ্র সরকার তাঁর পাসপোর্টে বিজয় রুদ্রের নাম ঠিকানা ব্যবহার করেন। পুলিশ ওই পাসপোর্ট দেখে মামলা করে। কিন্তু ওই পাসপোর্টটি আদালতে উপস্থাপন করা হয়নি। তবে শেষ পর্যন্ত পাসপোর্টের ছবিতে অমিল থাকায় নিরপরাধ বিজয় ছাড়া পাচ্ছেন।’