চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর
আদালত চত্বরে সাকা-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
চট্টগ্রাম আদালত ভবন চত্বরে গতকাল বুধবার দুপুরে পুলিশের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া পাঁচজনসহ ৫১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।এর আগে ফটিকছড়ি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া সাকা চৌধুরীর জামিন নামঞ্জুর করেন। গত মঙ্গলবার বিকেলে তাঁকে নারায়ণগঞ্জ কারাগার থেকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তবে গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়নি।গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি হলেন আবু সিদ্দিক, মো. সাব্বির হোসেন, মো. শাহজাহান, মো. ফারুক ও সাইফুল ইসলাম। তাঁরা সবাই সাকা চৌধুরীর অনুসারী বলে পুলিশ সূত্রে জানা গেছে।সংঘর্ষে আহত পুলিশ কর্মকর্তা হলেন কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার জেদান আল মুসা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত ধৈর্য ধরেছি। সাকা চৌধুরীর অনুসারীরা হঠাৎ রাষ্ট্রদ্রোহ মামলার প্রথম বাদী তাহেরের ওপর হামলা চালানোর চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা পেছন থেকে আমাকে বোতল দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি কিলঘুষি মারে। এরপর আমরা আইনি ব্যবস্থা নিই।’প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে জামিন নাকচ হওয়ার পর সাকা চৌধুরীর অনুসারীরা আদালত চত্বরে মিছিল-সমাবেশ করে। তারা সরকারবিরোধী স্লোগানের পাশাপাশি সাকা চৌধুরীকে মুক্তি দেওয়ার দাবি জানায়। এ সময় সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী ও মেয়ে ফারজিন কাদের চৌধুরী আদালত এলাকায় একটি গাড়িতে বসে দলীয় অনুসারী ও সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছিলেন।সাকা চৌধুরীর স্ত্রী ও সন্তানদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে তাঁর আরও কিছু অনুসারী এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন আদালত চত্বরে আসেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে খণ্ড খণ্ড মিছিল-সমাবেশ হয়। এসব কর্মসূচিতে সাকার দুই ছেলে ফজলুল কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরীকে অংশ নিতে দেখা গেছে।গতকাল দুপুর একটার দিকে সাকার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার প্রথম বাদী আবু তাহেরউদ্দিন সাত-আটজন অনুসারী নিয়ে আদালত চত্বরে সাকার বিরুদ্ধে মিছিল বের করেন। এ সময় সাকা চৌধুরীর শতাধিক সমর্থক মিছিল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে তারা তাহেরের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করে। এতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাদী তাহেরকে সরিয়ে দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পরে সাকার কয়েকজন সমর্থক পুলিশকে লক্ষ্য করে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ আদালত চত্বর থেকে পাঁচজনকে গ্রেপ্তার ও লাঠিপেটা করে সাকার অনুসারীদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর পৌনে দুইটার দিকে সাকার স্ত্রী-সন্তানেরা আদালত চত্বর ত্যাগ করেন।সাকার স্ত্রী ফরহাত বলেন, ‘আদালত ভবনে না আসতে পুলিশ অক্সিজেন মোড় ও আদালতের ফটকে এক ধরনের অবরোধ গড়ে তুলেছে। পুলিশের এসব বাধা ঠেলে সালাউদ্দিনের ভক্ত ও দলীয় নেতা-কর্মীরা আদালতে আসেন।’মামলা: ফটিকছড়ি থানায় করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে গত মঙ্গলবার জামিনের আবেদন করেন সাকার কৌঁসুলি। গতকাল সকালে শুনানির পর বিচারক আবদুল কুদ্দুস মিয়া তাঁর জামিন নামঞ্জুর করেন।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম বলেন, ‘আমরা বিরোধিতা করলে আদালত সাকার জামিন নামঞ্জুর করেন। আর জজ আদালতে জামিন শুনানির কারণে বিচারিক হাকিম আদালতের শুনানি পিছিয়ে ১৯ মার্চ নির্ধারণ করেছেন।’রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ প্রতিবেদনের জন্য গতকাল বিচারিক হাকিম আদালতে শুনানির দিন ধার্য ছিল। নথিপত্র জজ আদালতে থাকায় নিম্ন আদালতে শুনানি হয়নি।২০০৯ সালের ২০ নভেম্বর বিকেলে ফটিকছড়ির বিবিরহাট কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাকা চৌধুরী বলেন, ‘১৫ আগস্ট জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। ১৫ আগস্ট না হলে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেত না। একদলীয় শাসনব্যবস্থার অবসান হতো না।’ সম্মেলনে সাকা আওয়ামী লীগকে সতর্ক করে আরও বলেন, ‘প্রয়োজনে ১৫ আগস্ট থেকে শিক্ষা নিতে হবে। মুজিব হত্যার রায় জাতি মেনে নেয়নি।’এ ঘটনায় নগরের বাদুরতলা শুলকবহরের মো. আবু তাহেরউদ্দিন চট্টগ্রামের আদালতে একটি মামলা করেন। রাষ্ট্রদ্রোহ মামলা সরকারের অনুমোদন ছাড়া হয় না। তাই ঘটনার ১৩ মাস পর গত ২১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফটিকছড়ি থানার ওসি মো. মফিজউদ্দিন সাকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।