আদালত চাইলে কারাগারে যেতেও প্রস্তুত গিলানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল শুক্রবার বলেছেন, আদালত চাইলে তিনি কারাগারে যেতেও প্রস্তুত আছেন। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে সিএনএনের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।বিশ্লেষকদের মতে, দুর্নীতির বিষয়ে দায়মুক্তির ব্যাপারে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে রক্ষা করতে গিলানি সরকার কতটা অঙ্গীকারবদ্ধ এ উক্তি তারই ইঙ্গিত বহন করে। প্রেসিডেন্ট জারদারিসহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মামলাগুলো পুনরুজ্জীবিত করতে আদালতের নির্দেশনা পালন না করায় গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেন সুপ্রিম কোর্ট। ১৯ জানুয়ারি তিনি আদালতে হাজিরা দেন।সাক্ষাত্কারে গিলানি বলেন, জারদারির মামলাটি বেশ পুরোনো। এটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এবং এই মামলায় প্রেসিডেন্ট ইতিমধ্যে আট বছর কারাগারেও কাটিয়েছেন। দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি এখন পুরোপুরি দায়মুক্ত।গিলানি জানান, সংবিধান অনুসারে দেশে ও দেশের বাইরে শুধু প্রেসিডেন্টই নন, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীও দায়মুক্তি পেয়েছেন।এ মামলায় কারাগারে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে গিলানি বলেন, আদালত চাইলে তিনি কারাগারে যেতেও প্রস্তুত।