আদালত নিয়ে কথা বলতে জানেন না খালেদা: কামরুল
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আদালত অবমাননার দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হওয়া উচিত। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জানেন না আদালতকে নিয়ে কীভাবে কথা বলতে হয়। তিনি সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রযন্ত্রকে বিকল করার চেষ্টা করছেন। তা না হলে একটি দায়িত্বশীল পদে থেকে কীভাবে তিনি সংবিধান ছুড়ে ফেলার কথা বলেন এবং প্রধান বিচারপতিকে নিয়ে কটূক্তি করেন? আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বর্তমান রাজনীতি ও বিরোধী দলের অযৌক্তিক ইস্যু’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগকে আন্দোলনের ‘মাস্টার’ আখ্যা দিয়ে কামরুল ইসলাম বলেন, অযথা মাঠ গরম করার চেষ্টা করবেন না। নয়াপল্টন, জাতীয় প্রেসক্লাব আর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বক্তব্য দিয়ে আন্দোলন করা যায় না। আন্দোলন করতে হলে রাজপথে নামতে হয়। কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।