আদালত বর্জন করলেন বিএনপিপন্থী আইনজীবীরা
১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনসহ বিরোধী দলের কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন।আজ মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশ ঢাকার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেয়।আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে বিক্ষোভকারীরা কালো ব্যাজ পরে ও কালো পতাকা নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, মহানগর বিচারিক হাকিম আদালত, মহানগর দায়রা জজ আদালত ও জেলা জজ আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। বেলা ১১টার দিকে মিছিল থেকে মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কার্যালয়ের জানালা ভাঙচুর করা হয়।সমাবেশে বিএনপিপন্থী আইনজীবী কাজী মো. আবদুল বারিক বলেন, ‘মাহবুবউদ্দিন খোকনসহ বন্দী নেতারা মুক্তি পাওয়া না পর্যন্ত আমাদের আদালত বর্জন চলবে।’এরপর সরকারি কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা পাল্টা মিছিল বের করেন।বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে গত ২৯ এপ্রিল সারা দেশে হরতাল পালন করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ওই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ফ্যালকন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা দ্রুত বিচার আইনে মামলায় গতকাল সোমবার ৪৫ জনকে অভিযুক্ত করা হয়।এ মামলায় একমাত্র মাহবুবউদ্দিন খোকন হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন। পরে জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তিনি ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহর আদালতে পুনরায় জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলার আসামিদের মধ্যে জামায়াত-শিবিরের তিন নেতা ছাড়া অন্যরা কারাবন্দী।