আদালত ভবনে আগুনে নথিপত্র পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আদালত ভবনে আজ রোববার ভোররাতে আগুন লেগে যুগ্ম জেলা জজ-২ আদালতকক্ষের সব আসবাব, নথিপত্র ও ফাইল পুড়ে গেছে। আদালতের প্রহরী উত্তম কুমার দাস প্রথম আলো অনলাইনকে বলেন, ভোর পাঁচটার দিকে কক্ষের সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে। বিষয়টি তিনি অন্যদের জানান। এরপর আদালতের কর্মচারী মোহাম্মদ শহীদুল ইসলাম ঘর খুলে দেখেন, ঘরে আগুন জ্বলছে। খবর দিলে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল সাতটার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকবর হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে মূল্যবান নথিপত্র ও ৫০ হাজার টাকার আসবাব পুড়ে গেছে।