আদালত ভবনের কাজ শেষের দিকে, বিচার শুরু ৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় হত্যাযজ্ঞ, লুটপাটসহ অন্যান্য অপরাধের ঘটনায় বিচারের জন্য পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে নির্মাণাধীন আদালত ভবন প্রায় প্রস্তুত। ৩১ ডিসেম্বর ভবনটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে বুঝিয়ে দেওয়া হবে। আগামী ৫ জানুয়ারি নবনির্মিত এ ভবনে বিশেষ আদালতে হত্যাযজ্ঞের বিচার শুরু হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই আদালতে হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে ৮২৪ জন আসামির বিচার হবে। আসামির সংখ্যা বেশি হওয়ায় বিচারের জন্য পৃথক আদালত ভবনটি নির্মাণ করা হয়েছে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৩১ ডিসেম্বর সরকার আদালত ভবনটি বুঝে পাবে। আদালত ভবন এখন প্রায় প্রস্তুত। ৫ জানুয়ারি এখানে হত্যাযজ্ঞের বিচারকাজ শুরু হবে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, ৫ জানুয়ারি সকাল নয়টায় আদালত বসবেন। আদালতের কার্যক্রম চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এ ছাড়া শুক্র, শনি ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। কর্মকর্তারা বলেন, আদালত চলাকালে প্রত্যেক আসামির আইনজীবী এবং আত্মীয়স্বজন নিয়ে প্রায় তিন হাজার মানুষের সমাগম থাকবে। এ জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আদালত চলাকালে এই মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। যে ভবনে বিচার: খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে একতলা নতুন ভবন নির্মাণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় এক বিঘা জমির ওপর এই ভবন নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলেন, এ ভবনটি প্রস্থে ৫৩ ফুট এবং লম্বায় ২৭২ ফুট। ভবনের ওপরে টিনের ছাউনি থাকবে এবং চারদিকে সাদা সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে টিনের ছাউনি অনেকটা লাগানো হয়েছে।বিশেষ আদালত ভবনটির নকশা করেন এলজিইডির স্থপতি এ বি এম নজরুল ইসলাম। তিনি বলেন, ভবনটির রং হচ্ছে সাদা। এ ভবনে যে বিচার হবে—তা যেন সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, তারই প্রতীক হিসেবে সাদা রং করা হচ্ছে। এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল হক জানান, ‘ইতিমধ্যে ভবনটির প্রায় ৮৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। বাকি ১৫ ভাগ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছি।’ স্থানীয়দের ক্ষোভের অবসান: এলাকার একমাত্র খেলার মাঠটি আদালতে পরিণত করায় স্থানীয় ক্রীড়া সংগঠক, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং পঞ্চায়েত কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁরা মাঠে আদালত না করতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনের কাছে আবেদনও করেন। অবশ্য পরে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম খেলার মাঠটির কোনো ক্ষতি করা হবে না বলে এলাকাবাসীকে আশ্বাস দেন। তিনি বলেন, প্রতি শুক্রবার ও শনিবার মাঠে খেলাধুলা করা যাবে এবং ছুটির দিনে আদালত না বসলে খেলাধুলা করা যাবে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রথমে সবাই ভেবেছিল মাঠটিই থাকবে না। কিন্তু মাঠ অক্ষত থাকায় এখন আর কারও ক্ষোভ নেই।’ ভবনের স্থপতি নজরুল ইসলাম বলেন, বিচার শেষে এই ভবন বহুবিধ কাজে ব্যবহার করা যাবে। ওপরের টিন সরিয়ে মাঠের গ্যালারি যেমন করা যাবে, তেমনি চাইলে কমিউনিটি সেন্টার হিসেবেও ব্যবহার করার যাবে।