বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী রফিক-উল হক দাবি করেছেন, হাইকোর্ট ওই চ্যানেলটির আবেদন খারিজ করে দেননি। বরং সম্প্রচারের জন্য অনাপত্তি চেয়ে সরকারের কাছে যমুনা টেলিভিশন যে আবেদন করেছে, তা নিষ্পত্তি করতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রফিক-উল হক এ কথা বলেন। তিনি বলেন, আদালতের এই নির্দেশনা নিয়ে দেশে গণমাধ্যমগুলোতে বিভ্রান্তিকর খবর প্রচার ও প্রকাশ করা হয়েছে। সেই বিভ্রান্তি দূর করতেই তিনি এই সংবাদ সম্মেলন করছেন।এক প্রশ্নের জবাবে যমুনা টেলিভিশনের আইনজীবী বলেন, যেহেতু এখন পর্যন্ত রায়ের কপি তাঁরা হাতে পাননি, সেহেতু রায় সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। সে ক্ষেত্রে আদালত অবমাননা হয়ে যেতে পারে।রফিক-উল হক বলেন, যমুনার কপাল খারাপ। সারাক্ষণ তারা লড়াই করছে। আগের সরকারের আমলে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছিলেন, পরে সুপ্রিম কোর্টে যেতে হয়। সেখানেও রায় পেয়েছে যমুনা। এই সরকারের আমলেও আবার একই কারণে তাদের আদালতে যেতে হয়েছে।বিটিআরসি সরকারের অনাপত্তি ছাড়া যমুনা টেলিভিশনকে তরঙ্গ বরাদ্দ দিয়েছিল কি না, জানতে চাইলে রফিক-উল হক বলেন, ‘আমাদের অনাপত্তিপত্র ছিল। আপিল বিভাগ বারবার এটা বলেছেন।’যমুনা টেলিভিশনের পরবর্তী আইনগত প্রক্রিয়া কী হবে, জানতে চাইলে টেলিভিশনের কৌঁসুলি বলেন, পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটা নিয়ে মক্কেল বলবে। তবে মক্কেলের নিজ স্বার্থেই এখন এ নিয়ে কথা বলা উচিত না।উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ যমুনা টিভি কর্তৃপক্ষের রিটের রুল নিষ্পত্তি করে রায় দেন। এতে যমুনা টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার বন্ধের আদেশ বৈধ বলে রায় দেন হাইকোর্ট। তথ্য মন্ত্রণালয় যমুনা টিভি কর্তৃপক্ষের পুনঃ অনাপত্তিপত্রটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।যমুনা সম্প্রচার ও তরঙ্গ বরাদ্দ বাতিলে সরকার তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসির আদেশের বিরুদ্ধে যমুনা কর্তৃপক্ষ রিট করে। রায়ে চ্যানেলটির সম্প্রচার বন্ধ ও তরঙ্গ বরাদ্দ বাতিলের আদেশ সঠিক ও বৈধ বলা হয়েছে। লাইসেন্স পাওয়ার জন্য গত বছরের ৮ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ে যমুনার করা পুনঃ অনাপত্তিপত্রটি নিষ্পত্তির কথা বলা হয়েছে।