বোমা মেরে কিংবা আদালতকে ভয় দেখিয়ে বাড়ি ফিরে পাওয়া যাবে না। ৩০ নভেম্বরের ডাকা হরতাল অবৈধ ও আদালত অবমাননাকর। জনগণ তা প্রত্যাখ্যান করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সরকার সমর্থক আইনজীবীরা এসব কথা বলেন। প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনৈতিক কর্মসূচি, এবং ৩০ নভেম্বরের হরতালের বিরুদ্ধে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সমিতির নেতা ফজলুল হক খান সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন আবদুল বাসেত মজুমদার, এ এস এম মেসবাউদ্দিন, ইউসুফ হোসেন হুমায়ুন, এ এম আমিনুদ্দিন, শ ম রেজাউল করিম, সাংসদ আবদুল মতিন খসরু ও নুরুল ইসলাম সুজন প্রমুখ।বক্তারা সমিতির সভাপতি ও সম্পাদককে দলীয় কাজে সমিতির ব্যানার ব্যবহার না করার আহ্বান জানান। যদি ব্যবহার করা হয় তবে তা প্রতিহত করার ঘোষণাও দেন তাঁরা। একই সঙ্গে সভা থেকে আদালত অঙ্গনে আইনজীবী পরিচয়ে বহিরাগতদের প্রবেশ প্রতিহত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয় ।সভায় প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলার তীব্র নিন্দা জানানো হয়।