আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বঙ্গবন্ধু হত্যা মামলার ৪১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ১৭ ডিসেম্বর সই প্রদান করেন রায় প্রদানকারী পাঁচ বিচারপতি। বিডিআর বিদ্রোহের মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী ২৭ জানুয়ারি নির্ধারণ করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক। তদন্ত শেষ না হওয়ায় এ প্রতিবেদন দাখিলের তারিখ বারবার পেছানো হচ্ছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, আদেশ প্রদানকারী জেলা ও দায়রা জজ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মৃত্যু পরোয়ানায় সই করবেন। কিন্তু তিনি এখন অবসরকালীন ছুটিতে। তাই কে সই করবেন, এ নিয়ে আইনি বিতর্কের কারণে ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মৃত্যু পরোয়ানায় সই করলেন না ঢাকার ভারপ্রাপ্ত জেলা জজ ও মহানগর দায়রা জজ আবদুল মজিদ। ২২ ডিসেম্বর মানহানির মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিন অভিযুক্তকে ৩ জানুয়ারি পর্যন্ত হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের একক অবকাশকালীন বেঞ্চ। রাঙামাটি, সাতক্ষীরার পর ২০ ডিসেম্বর ফেনীতে শুরু হয় বিডিআর বিদ্রোহের বিচার। ফেনীতে বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ২০ ডিসেম্বর শুনানি শেষে ৬২ জন বিডিআর সেনাকে অভিযুক্ত করে দায়ের করা এ মামলায় আগামী ২৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের আদেশ দেন। আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের নিয়োগ বেআইনি ও অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ ১৭ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর টাঙ্গাইল-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ আবুল কাসেমের সদস্যপদ বাতিল করে নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচন ট্রাইব্যুনালের বিচারপতি মো. এমদাদুল হকের একক বেঞ্চ।