আদালতপাড়া
পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা আবেদনের শুনানি আগামী ১৮ জানুয়ারি নির্ধারণ করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোজাম্মেল হোসেন। ৫ জানুয়ারি মামলার পর্যাপ্ত উপাদান না থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিরুদ্ধে সাকা চৌধুরীর দায়ের করা ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার মামলা খারিজ করে দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত-১। ৩ জানুয়ারি সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মৃত্যুর পরোয়ানা লাল খামে ভরে ৩ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর। ঢাকার কেরানীগঞ্জে এক বছরের শিশু অনামিকাকে হত্যার দায়ে ৩১ ডিসেম্বর একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে ৬০ বছর করে কারাদণ্ড দিলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম।