আদালতপাড়া
২৭ জানুয়ারি সকাল নয়টা ২৫ মিনিটে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে চারজন বিচারপতির বিশেষ বেঞ্চ বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির করা রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন। একই দিন রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ ফারুক রহমানের প্রাণভিক্ষার আবেদনও নাকচ করে দেন রাষ্ট্রপতি। ২৭ জানুয়ারি দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হলো বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বজলুল হুদা, মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) ফাঁসি। ২৬ জানুয়ারি বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৭তম বিসিএসের দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় বাদ পড়া ৬২৫ জনকে তিন মাসের মধ্যে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিলেন। ২৬ জানুয়ারি দুই মাসের মধ্যে জাহাজভাঙা-সংক্রান্ত বিধিমালা প্রণয়ন এবং গেজেট জারি করতে সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি আবু তারিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদেশে বিধিমালাটি পর্যালোচনা, এর বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহে ইয়ার্ডগুলো পরিদর্শন করতে ইতিমধ্যে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির কাজের গতিপ্রকৃতি প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি শুরু হয় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত চার বিচারপতির বিশেষ বেঞ্চে। ২৪ জানুয়ারি ফেনীর দাগনভুঞা উপজেলার জায়লস্করের ১৯ রাইফেলস ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত ৬২ জন জওয়ানের বিরুদ্ধে বিশেষ আদালত-৩-এ অভিযোগ গঠন করা হয়েছে। যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে রাজউকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি ২৪ জানুয়ারি বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুরু হয়।