আদালতপাড়া
ধর্ষন করে মৃত্যুর ক্ষেত্রে শান্তির বিধান কেবল মৃত্যুদণ্ড সংক্রান্ত ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন বিশেষ বিধান আইনের ৬ (২) ধারা অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার ধর্ষন করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানিকগঞ্জের শুকুর আলী ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট) এর রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ আবদুল আউয়াল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি আবারও পিছিয়েছে। ১৫ মার্চ এ শুনানি অনুষ্ঠিত হবে। ১১ মার্চ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এদিন নির্ধারণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা নাইকো দুর্নীতি মামলাটিও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। দুইদিন উভয়পক্ষের শুনানি শেষে ১১ মার্চ বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পাশাপাশি আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিধিমালার অসঙ্গতি দূর করতে, তা সংশোধনের নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে রায়ের অনুলিপি দুদক চেয়ারম্যান বরাবর পাঠিয়ে দেওয়ার কথাও বলেছেন আদালত। এ নিয়ে গত আট দিনের ব্যবধানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা পৃথক পাঁচটি দূর্নীতির মামলা হাইকোর্টের রায়ে বাতিল ও অবৈধ হলো।