আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করায় সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনটি প্রয়োজনীয় আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট। ১৮ মার্চ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপন-সংক্রান্ত মামলাসহ চারটি দুর্নীতির মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী ২৪ মার্চ এ আবেদনের ওপর শুনানি হবে। ১৮ মার্চ বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার আইনজীবীর করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এ দিন ধার্য করেন। আইন-পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে চার আইনজীবীকে ১৫ মার্চ সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবর্ধিত ব্যক্তিরা হচ্ছেন: বখতিয়ার হোসেন, খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক। এ ছাড়া ড. কামাল হোসেন, আবদুল ওয়াদুদ মল্লিক ও ফরমান উল্লাহকেও একই সঙ্গে সংবর্ধনার আয়োজন ছিল। কিন্তু কামাল হোসেন স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাকায় এবং অপর দুজন অসুস্থ থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি।  মধুপুর শালবনকে কেন প্রাকৃতিকভাবে বৃক্ষসমৃদ্ধ করা হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। ১৬ মার্চ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত রিট পরিচালনার ক্ষেত্রে হাইকোর্টের চারটি বেঞ্চের এখতিয়ার আংশিক পরিবর্তন করা হয়েছে। দুটি বেঞ্চের এখতিয়ার পরিবর্তন করে নতুন করে দুটি বেঞ্চকে এ সংক্রান্ত রিট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি দুদক-সংক্রান্ত রিট পরিচালনায় আংশিক পরিবর্তন এনে দায়িত্ব পুনর্বণ্টন করে দেন ১৫ মার্চ। দুদক-সংক্রান্ত রিট ছাড়া সব রিট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দুদক-সংক্রান্ত রিট পরিচালনার এখতিয়ার রহিত করা হয়েছে। আগে দুটি বেঞ্চের এ ক্ষমতা ছিল। দুদক-সংক্রান্ত রিট পরিচালনায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে।