আদালতপাড়া
রাজধানীর অবৈধ বিলবোর্ডগুলো অবিলম্বে অপসারণ করতে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ কাজে ডিসিসিকে সর্বাত্মক সহযোগিতা করতে পুলিশের মহাপরিদর্শক ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ অর্ন্তবর্তীকালীন ২২ মার্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ১৮ মার্চ অবৈধ বিলবোর্ড অপসারণে বাধা দেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে না ,তা জানতে চেয়ে রুল জারি করেছেন। পার্বত্য শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর ১২ এপ্রিল রায় দেওয়া হবে। শুনানি গ্রহণের পর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন ২৩ মার্চ। তবে ওই দিন আংশিক শুনানি শেষে রায় দেওয়ার কথা জানিয়েছেন আদালত। ২৭তম বিসিএস পরীক্ষায় প্রথমবারে উত্তীর্ণ ২০২ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। ২৩ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা রায় স্থগিতের জন্য সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর ২৫ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ২৩ মার্চ। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অন্তবর্তী এ সময়ে তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ায় ঘটনায় দায়ের করা আটটি মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৪ মার্চ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি এ সময় পর্যন্ত তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে তিন দিনের ব্যবধানে ২৫ মার্চ পর্যন্ত পৃথক ১৫টি মামলায় তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেন হাইকোর্টের একই বেঞ্চ। যৌন হয়রানি রোধে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের অগ্রগতি আগামী দুই সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।