আদালতপাড়া
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু—এ চার নদীর ভেতরে থাকা সব স্থাপনা উচ্ছেদের নির্দেশনা-সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাতটি প্রতিষ্ঠানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ৩ মে খারিজ করে দিয়েছেন আদালত। বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানি রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ৫ মে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনকারী পক্ষের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করেন। ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার অথবা প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ৫ মে সকালে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দেন। তবে বাড়ি নিয়ে করা মূল রিটের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।