আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে করা পৃথক দুটি দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। এ ছাড়া আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় ইতিপূর্বে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রয়েছে। ২৪ অক্টোবর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। সিরাজগঞ্জে ট্রেন পোড়ানোর মামলায় বিএনপির সাত নেতা-কর্মীর ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে চার সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ২৫ অক্টোবর বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিমানের পাইলটদের বয়স বাড়ানো-সংক্রান্ত সিদ্ধান্তটি বহাল রয়েছে। হাইকোর্ট বিমান কর্তৃপক্ষের নেওয়া ২৫ অক্টোবর এ সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছিলেন। এতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ স্থগিতাদেগ বহাল রেখেছেন। একই সঙ্গে পক্ষদ্বয়কে রুল নিষ্পত্তি করতে উদ্যোগ নিতে বলা হয়েছে।  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্থানান্তর না করা সংক্রান্ত আদেশ বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। ২৫ অক্টোবর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক শিশু-কিশোরদের দ্রুত কারাগার থেকে কিশোর উন্নয়ন কেন্দ্রে (সেইফ হোম), নিরাপদ আশ্রয় বা উপযুক্ত স্থানে পাঠানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৫ অক্টোবর বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ে বলা হয়, শিশু আইন অনুসারে শিশুদের জেলে রাখা সম্পূর্ণ বেআইনি। শিশু ও কিশোরদের জন্য কারাগার বা জেল নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। কারাগারে থাকা শিশুদের দ্রুত নিকটবর্তী উন্নয়ন কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হলো। এতে ব্যর্থ হলে আইনের সঙ্গে জড়িত শিশুদের দ্রুত জামিন বিচেনার জন্য সংশ্লিষ্ট বিচারকদের নির্দেশ দেওয়া হলো। কন্যাশিশু ও কিশোরীদের জামিনের আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করতে বলা হয়েছে। যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবরে অনুলিপি পাঠাতে বলা হয়েছে।  সংবিধান অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি চাইলে এককভাবে যেকোনো যোগ্য ব্যক্তিকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। এ পর্যবেক্ষণ দিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। ২৬ অক্টোবর বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় দৈনিকআমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রয়েছে। তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকারপক্ষের করা আবেদনটি আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ২৬ অক্টোবর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, সরকারপক্ষের আবেদন খারিজ হওয়ায় মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে।. অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ১৩ বছরের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গত ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর করা আপিল মঞ্জুর করে এ রায় দেন।