আদালতপাড়া
পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত দেশটিতে কতজন বাংলাদেশি আটক আছেন, তাঁদের পরিচয় ও আইনগত সহায়তা দেওয়া হয়েছে কি না, তা দুই মাসের মধ্যে জানাতে বলা হয়েছে। ১ নভেম্বর বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার রিট প্রসঙ্গে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। ২ নভেম্বর দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক রিটটি খারিজ করেন। তবে কনিষ্ঠ বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান রুল জারি করেছেন। ১৯৫ জনকে ফেরত আনার দাবিতে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান হাইকোর্টে রিট আবেদন করেন। এর ওপর শুনানি শেষে আদালত বিভক্ত আদেশ দেন। ওষুধে ভেজাল রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসংক্রান্ত নীতিমালা (গাইডলাইন) তৈরির জন্য ১৫ দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিব ও ওষুধ প্রশাসনের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩ নভেম্বর বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে রুল জারিসহ পাঁচ দফা নির্দেশনা দেন। আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।