আদালতপাড়া
জাহাজ আমদানির ক্ষেত্রে আদালতের নির্দেশ অনুসরণ না করায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল বজলুর রহমান ও প্রধান রসায়নবিদ মোশাররফ আশরাফের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক আদালত অবমাননার আবেদনের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শেষে ৭ নভেম্বর বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এ রুল জারি করেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আন্তর্জাতিক কাউন্সিল অব জুরিস্টের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এক চিঠিতে এ বিষয়টি অবহিত করা হয়। চিঠিতে প্রধান বিচারপতিকে আগামী ১১ ও ১২ ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অব জুরিস্টের সহসভাপতির আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারদলীয় সাংসদ শেখ হেলাল ও তাঁর স্ত্রী রূপা চৌধুরীর সাজা বাতিল করেছেন হাইকোর্ট। ৮ নভেম্বর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) শুনানি আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। ৯ নভেম্বর শুনানি গ্রহণের পর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ শুনানি মুলতবি করেন। একইসঙ্গে বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হয়েছে—রাষ্ট্রপক্ষের এমন বক্তব্যের সপক্ষে তথ্যপ্রমাণ এ সময়ের মধ্যে পেশ করতে মৌখিকভাবে বলা হয়েছে। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দুই আইনজীবীকে বিদেশে যেতে ও ফিরে আসতে বাধা না দিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁদের বিনা বাধায় বিদেশে যেতে ও ফিরে আসতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। অপর দুজন হলেন বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক আইনজীবী নাসির উদ্দিন আহমেদ ও শিক্ষাবিষয়ক সম্পাদক আইনজীবী সানাউল্লাহ মিয়া। বিদেশে যেতে বাধা দেওয়া হতে পারে—এমন আশঙ্কা থেকে তিনজনের করা রিটের পরিপ্রেক্ষিতে ১০ নভেম্বর বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরী ও কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের তিন সচিবসহ আট কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। লিভ টু আপিল বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল—দাবি করে ২৩ নভেম্বর আপিল বিভাগে আবেদনটি করা হয়। এ ছাড়া সেনানিবাসের ৬ শহীদ মইনুল সড়কের বাড়িটি তাঁকে ফেরত দেওয়া অথবা ওখানকার স্থাপনা অপরিবর্তিত রাখতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে আরেকটি আবেদন করেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। এ দুটি আবেদনের ওপর ২৯ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।