আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) খারিজ করেছেন আপিল বিভাগ। আইনের ভাষায়, ‘উপস্থাপন করা হয়নি (নট প্রেস)’ বিবেচনায় ২৯ নভেম্বর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে করা লিভ টু আপিল আবেদনের পাশাপাশি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অথবা বাড়ির স্থাপনা অপরিবর্তিত রাখতে স্থিতাবস্থা চেয়ে করা আবেদনটিও খারিজ করেছেন আদালত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচজন কেন্দ্রীয় নেতা পৃথক নয় মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। ২৯ নভেম্বর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে করা মামলায় স্থানীয় সরকারসচিব রোকেয়া সুলতানা ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফিকা ইফফাতকে ১৪ ডিসেম্বর হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সয়াবিন তেলের দাম বাড়ার কারণ সরকারের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ দুই সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ২৮ নভেম্বর রুল জারি করে এ নির্দেশ দেন। প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীমকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে। বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২৮ নভেম্বর এ আদেশ দেন। জয়পুরহাট-১ আসনের বিএনপিদলীয় সাংসদ মোজাহার আলী প্রধান কোন ক্ষমতাবলে দায়িত্ব পালন করছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১ ডিসেম্বর বিচারপতি এ এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওখানকার স্থানীয় ভোটার এ এস এম কাউসার উজ্জামানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও মোজাহার আলী প্রধানকে আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে বিচারাধীন অবস্থায় সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল—এ অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি উপস্থাপন করা হয়নি বলে খারিজ করে দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। গ্রন্থনা: মো. আল আমীন