আদালতপাড়া
লালবাগ কেল্লার আশপাশের এলাকায় নিয়মবহির্ভূত নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দিয়ে তাঁকে এ বিষয়ে নেওয়া কার্যক্রম সম্পর্কে সাত দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। ৫ ডিসেম্বর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। হাইকোর্ট একই সঙ্গে লালবাগ কেল্লার স্থাপনার সৌন্দর্য রক্ষায় ইমারত নির্মাণ বিধিমালা ও প্রত্নতত্ত্ব আইন ১৯৬৮-এর বিধান কার্যকর করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিবসহ ১০ জনকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে রিমান্ডে নেওয়া হলে প্রয়োজনে জেলগেটে অথবা আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ৬ ডিসেম্বর বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঈদুল আজহার সময় হানিফ পরিবহন ও আরা পরিবহন প্রাইভেট লিমিটেডের বাড়তি বাসভাড়া আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বাড়তি ভাড়া আদায় নিয়ে জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ ডিসেম্বর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ ডিসেম্বর এ আদেশ দেন। বগুড়ার মহাস্থান গড়ের প্রত্নতাত্ত্বিক স্থাপনার আশপাশে নিয়মবহির্ভূত ইমারত নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। ৭ ডিসেম্বর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে সেখানকার মাজার উন্নয়ন কমিটির সভাপতি মমতাজ উদ্দিনকে ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্মাণসামগ্রী অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিন আইনজীবী রিটটি করেন। জাতীয় চার নেতার জেলহত্যা মামলার হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের জন্য আবেদন) শুনানি আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। ৬ ডিসেম্বর বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন। লেফটেন্যান্ট কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি ১৩ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ ডিসেম্বর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি মুলতবি করেন। গ্রন্থনা: মো. আল আমীন