আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কিত জরিপে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) করা প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর পাঠানোর জন্য সুপ্রিম কোর্ট টিআইবিকে চিঠি দিয়েছেন। ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা টিআইবির নির্বাহী পরিচালককে এ চিঠি দেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) তাদের খানা জরিপ ২০১০-এর বিচার বিভাগ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। পরবর্তীতে ৬ জানুয়ারি পুনরায় চিঠি প্রেরণ করেন সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় প্রধান বিচারপতি এ অনুরোধ জানান। সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি এস কে সিনহা ও খোন্দকার মুসা খালেদ তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে ৪ জানুয়ারি তাঁরা তাঁদের সম্পদের হিসাব জমা দেন। অর্থ পাচারের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেননি আপিল বিভাগ। ৩ জানুয়ারি চেম্বার বিচারপতি এস কে সিনহা শুনানির পরবর্তী দিন ২০ জানুয়ারি ধার্য করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।  ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুসারে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। ২ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।  পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ও দলীয় সাবেক সাংসদ মকবুল হোসেনের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। ৪ জানুয়ারি বিচারপতি এম এ হাই ও বিচারপতি মো. আবদুল রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে চিকিৎসাসেবা দেওয়াসংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে ৪ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন।  আদালতের রায়ের নির্দেশনা অনুসরণ না করায় হাইকোর্ট সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবকে তলব করেছেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে হাজির হয়ে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ৬ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন। গ্রন্থনা: মো. আল আমীন