আদালতপাড়া
কক্সবাজার সমুদ্রসৈকতে অবস্থিত স্থায়ী-অস্থায়ী সব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি এই নির্দেশ দিয়ে পরবর্তী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ১০ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। জেলহত্যা মামলায় হাইকোর্টের রায়ে অব্যাহতি পাওয়া দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে অবিলম্বে মেট্রোপলিটন সেশন জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য মঞ্জুর করে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ১১ জানুয়ারি এ আদেশ দেন। জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি যাতে কার্যক্রম চালাতে না পারে, তার ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নতুন কমিটিকে সাবেক ব্যবস্থাপনা কমিটির কাছে সব দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। ১০ জানুয়ারি ঢাকার চতুর্থ সহকারী জজ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ জজ আদালতে রিভিশন করলে আদালত তা গ্রহণ করেন। ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য আছে । রাজধানীর রাস্তায় ভিক্ষাবৃত্তি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অঙ্গহানি ঘটিয়ে এক শিশুকে ভিক্ষা করতে বাধ্য করার ঘটনায় করা মামলায় তদন্তকারী কর্মকর্তা নুরুল আলমের বিরুদ্ধে বিভাগীয় এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং এর অগ্রগতির বিষয়ে ৯ ফেব্রুয়ারির মধ্যে আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে জানাতে বলা হয়েছে। ৯ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের ২৮ উপপরিদর্শককে (সাব-ইন্সপেক্টর) চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক তিনটি রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১০ জানুয়ারি এ আদেশ দেন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তির নামে নির্যাতনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ১৩ জানুয়ারি বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে কয়েক দফা নির্দেশনাসহ এ রায় রায় দেন। ১৯৭৫ সালের নভেম্বর থেকে ১৯৭৬ সালের আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকা সেনাসদস্যদের নাম-ঠিকানা ও বর্তমান অবস্থান জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত ওই সময় বিচারের জন্য গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনালের বেসামরিক ও সামরিক চার সদস্যের অবস্থান জানতে চেয়েছেন। লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে ১২ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গ্রন্থনা: মো. আল আমিন