আদালতপাড়া
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে তিন মাসের আটকাদেশ দিয়েছেন। একই সঙ্গে সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৯ এপ্রিল তাঁকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ জানুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বছরের কিশোরী ফেলানী হত্যার ঘটনা প্রতিরোধে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ১৭ জানুয়ারি বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি করা হয়। অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের বিজ্ঞাপন ও সব ধরনের প্রচার বন্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর বিলবোর্ডও অবিলম্বে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি এ আদেশ দেন। ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত গাড়ি ও জ্বালানি তেল ব্যবহারে সরকারকে আর্থিক ক্ষতির সম্মুখীন করার অভিযোগে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ১৬ জানুয়ারি ঢাকার শেরেবাংলা নগর থানায় দুদকের উপসহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান ও মো. মুজিবুর রহমান বাদী হয়ে মামলাগুলো করেন। লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের বিচারের সময় সেনাবাহিনীর তৎকালীন অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল (অব.) নূরুল ইসলামকে ২৬ জানুয়ারি হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। জাতীয় প্রেস ক্লাবের নিবার্চন নিয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আাাদেশ দিয়েছে আপিল বিভাগ । একই সঙ্গে নিম্ন আদালতের মামলার নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের গঠিত বেঞ্চ এ আদেশ দেন গত ১৯ জানুয়ারি।গ্রন্থনা: মো. আল আমীন