আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আদালত অবমাননার অভিযোগে খাদ্যসচিব বরুণ দেব মিত্র, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ ও অর্থসচিব মোহাম্মদ তারেকসহ ছয় কর্মকর্তাকে তলব করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি তাঁদের হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। ২৫ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পুঁজিবাজারের বর্তমান অবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারকে তিরস্কার করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, অন্য দেশে হলে এই পদে থাকা ব্যক্তি দায়িত্ব ছেড়ে দিতেন। এটা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যিনি বিধিবদ্ধ সংস্থা ও সরকারি সংস্থার মধ্যে পার্থক্য বুঝতে পারেন না, তিনি কী করে এ পরিস্থিতি সামলাবেন! এটা তো সাধারণ জ্ঞানের ব্যাপার। দীর্ঘদিনের অভিজ্ঞতার পরও তিনি কমনসেন্স (সাধারণ জ্ঞান) অর্জন করতে পারেননি। নিবন্ধন স্থগিতসংক্রান্ত এসইসির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে পাঁচটি ব্রোকারেজ হাউসের করা পৃথক রিটের শুনানিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৪ জানুয়ারি এ মন্তব্য করেন। ঝালকাঠি পৌরসভার ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশনকে পুনঃ তফসিল ঘোষণার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৩ জানুয়ারি এ আদেশ দেন। কর্নেল এম এ তাহেরের সঙ্গে বিশেষ সামরিক ট্রাইব্যুনালে গোপন বিচারের মুখোমুখি জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও দলটির সহসভাপতি রবিউল আলম হাইকোর্টে রিট আবেদন করেছেন। ২৪ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়। সুপ্রিম কোর্টে বিচার বিলম্বসহ মামলাভুক্ত জনগণের হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধানে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে কমিটি করা হয়েছে। ২৩ জানুয়ারি প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এ কমিটি গঠন করেন। পুরান ঢাকার লালবাগের আমলিগোলা মাঠে নির্মাণকাজের ওপর তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৪ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।গ্রন্থনা: মো. আল আমীন