আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নিকুঞ্জ লেক দখল করে মাটি ভরাট ও নির্মাণকাজ আগামী তিন মাস বন্ধ থাকাবে। এ জন্য তিন মাস স্থিতাবস্থা বজায় রাখতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিকুঞ্জ লেক রক্ষা ও লেকের মধ্যে থাকা স্থাপনা উচ্ছেদের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গত ৩০ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ঢাকায় গ্যাসের সংকট সমাধানের পদক্ষেপ গ্রহণ এবং আশুগঞ্জে একটি কমপ্লেক্স স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গত ৩০ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে আবেদনটি করা হয়। কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার ঘটনায় করা রিট আবেদন উপস্থাপন করা হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গত ৩০ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অর্থ পাচার মামলার বৈধতা চ্যালেঞ্চ করে করা রিট খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) শুনানি পিছিয়েছে। ৩০ জানুয়ারি প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ তারেক রহমানের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন। বিভিন্ন কোম্পানির আট ধরনের ওষুধের উৎপাদন, বিপণন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেগুলো বাজার থেকে প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ জানয়ারি বিচারপতি মো. ইমান আলী ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদকে তলব করেছেন হাইকোর্ট। গত ২৭ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গোপন বিচারের নামে লে. কর্নেল এম এ তাহেরের ফাসি কার্যকরের ঘটনা শুধু সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতাই নয়, বরং রাষ্ট্রের দ্বারা সংঘটিত অপরাধ বলে আদালতকে জানিয়েছেন মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাঁর বক্তব্য তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ৩ ফেব্রুয়ারি।  কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিকালে ২০ জানুয়ারি আদালত লরেন্স লিফশুলজের বক্তব্য শুনতে চেয়েছিল। এ ব্যাপারে পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রপক্ষকে যোগাযোগ করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় লরেন্স লিফশুলজের সঙ্গে সংশ্লিষ্টরা যোগাযোগ করলে তিনি বক্তব্য পাঠান।  পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। বিষয়টি উপস্থাপিত হয়নি মর্মে ২ ফেব্রুযারি বিচারপতি মো. ইমান আলীর একক বেঞ্চ এ আদেশ দেন। শরীয়তপুরে দোররা মারার ফলে হেনা আক্তার নামের এক কিশোরীর মৃত্যুর ঘটনা এবং তা প্রতিরোধে ইতিপূর্বে দেওয়া রায়ের আলোকে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সেখানকার জেলা প্রশাসক ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ওই ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়েছে। ২ ফেব্রুযারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। গ্রন্থনা: মো. আল আমীন