আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 রাজধানীর সেগুনবাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আয়েশা চৌধুরী টুম্পার হত্যা মামলার বিষয়ে ঢাকার শাহবাগ ও নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ২১ মার্চ তলব করেছেন হাইকোর্ট। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাইকোর্ট গত বছর টুম্পার ভাই আল কাউসার মাসুদ ওরফে বাবলা হত্যার ঘটনা তদন্ত করে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জানাতে বলেছেন। ২২ ফেব্রুয়ারি বিচারপতি শামীম হাসনাইন এবং বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। গৃহকর্মে ১২ বছরের কম বয়সী শিশুদের নিয়োগ দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ১২ বছরের ওপরে, বিশেষ করে ১৪ থেকে ১৮ বছর বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগের ক্ষেত্রে তাদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর রোববার আদেশ দেওয়া হবে। ৩ মার্চ বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন। এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না দিতেও বলা হয়েছে। অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি আদেশের চিঠি গত বুধবার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হকের কাছে পাঠানো হয়। অব্যাহতি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূস ও আমেনা বেগমসহ পরিচালনা পর্ষদের নয় পরিচালক পৃথক দুটি রিট দায়ের করেন। রিটের ওপর শুনানি নিয়ে আদালত রোববার আদেশের দিন ধার্য করেন। উচ্চ আদালতের জামিন আদেশের সত্যতা যাচাই ছাড়া আসামিকে না ছাড়তে অধস্তন আদালতগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিন আদেশের সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট আদালতে ফ্যাক্সযোগে নিশ্চিত করা হবে। যেসব আদালতে ফ্যাক্স নেই, সে ক্ষেত্রে টেলিফোনে জামিন আদেশের সত্যতা যাচাই করতে হবে। এভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অধস্তন আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তর কোনো আসামিকে জামিনে মুক্ত করতে পারবে না।