আদালতপাড়া
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলায় জামিনে মুক্ত ১১ আসামির জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১৩ মার্চ বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতির বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা দুটি আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন আপিল বিভাগ। ১৫ মার্চ প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ শুনানি মুলতবি করেন। ১৯৭৬ সালে বিশেষ সামরিক ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এম এ তাহেরের বিচার অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। তাহেরসহ অন্যদের পুরো বিচার ছিল লোকদেখানো ও প্রহসনের নাটক। এটা কোনো বিচার হয়নি। তাই বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন, বিচার-প্রক্রিয়া ও সাজা ছিল অবৈধ। বিচার ও সাজা বাতিল করা হলো। ২২ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত অভিমত বলেছেন, ওই বিচার প্রথম থেকেই অবৈধ, আর পুরো বিচারটি ছিল একটি বিয়োগান্তক নাটক ও বানানো বিচার। তাহেরের তথাকথিত বিচার ও ফাঁসি দেওয়ার ঘটনা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড উল্লেখ করে রায়ে বলা হয়, ওই বিচার ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন স্বৈরশাসক জিয়াউর রহমান। একই সঙ্গে তাহেরকে শহীদ মর্যাদা দেওয়ার পাশাপাশি কথিত ওই সামরিক আদালতের বিচারকের বিরুদ্ধে খুনের মামলা করার কথাও বলা হয়েছে। সংবিধানের পঞ্চম সংশোধনী-সংক্রান্ত আপিল বিভাগের রায়ের দুটি অংশে পুনর্বিবেচনার জন্য করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। ২৩ মার্চ আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে এ শুনানি হয়। সংক্ষিপ্ত শুনানির পর ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। শরীয়তপুরের কিশোরী হেনার মৃতদেহের দুটি ময়নাতদন্তের মধ্যে দ্বিতীয়টি সঠিক। সামগ্রিকভাবে প্রথম ময়নাতদন্তের মতামত অস্পষ্ট। দ্বিতীয় ময়নাতনন্ত না হলে মৃত্যুর কারণ অনুদঘাটিত থাকত। দুটি ময়না তদন্ত পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত প্রতিবেদনটি ২৩ মার্চ সুপ্রিম কোর্টে পৌঁছায়। এদিকে, কিশোরী হেনার ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে বিষাক্ত কোনো দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। বিষাক্ত দ্রব্য পানে হেনার মৃত্যু হতে পারে—এমন সন্দেহে ময়নাতদন্তকারী চিকিৎসকেরা হেনার ভিসেরা সংরক্ষণ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য করা আবেদনের ওপর ২৭ মার্চ শুনানি হবে। ওই দিন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপিদলীয় সাবেক সাংসদ আব্দুল আলীমকে গ্রেপ্তার ও আটক রাখার জন্য করা আবেদনের ওপর শুনানিও হবে। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য করা আবেদনের ওপর আগামী ১৯ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।