বাঁশখালীতে ১১ সংখ্যালঘুকে পুড়িয়ে হত্যা
আদালতে আমিন চেয়ারম্যানের আত্মসমর্পণ, শুনানি ১৩ ফেব্রুয়ারি
চট্টগ্রামের বাঁশখালীতে ১১ জন সংখ্যালঘুকে পুড়িয়ে হত্যার মামলায় কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। তবে নিম্ন আদালত থেকে নথি না আসায় তাঁর জামিন শুনানি হয়নি। ১৩ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। হাইকোর্ট থেকে তিনি জামিনে থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়নি।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইনজীবী মোহাম্মদ আবুল হাশেম পরে সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রামের বিচারিক হাকিমের আদালত থেকে নথি না আসায় জামিন শুনানি হয়নি। আমিন চেয়ারম্যান ডাকাতদের গডফাদার। ১১ জন সংখ্যালঘুকে পুড়িয়ে হত্যায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। আদালত ১৩ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেছেন।’প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় নারী ও শিশুসহ ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। দীর্ঘ তদন্তের পর সিআইডি গত মাসে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে আমিন চেয়ারম্যানসহ আটজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে ৩১ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল।