আদালতে খালেদা জিয়া অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে এ মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। আদালত ৩১ জানুয়ারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। ওই দিন অভিযোগ গঠন-সংক্রান্ত শুনানির দিন ধার্য করা হতে পারে। অভিযোগ গঠন হলেই বিচার শুরু হবে।বিরোধীদলীয় নেতা গতকাল বেলা সোয়া দুইটার দিকে আদালতে হাজির হন। মামলার অভিযোগপত্র আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে বেলা সোয়া দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত শুনানি গ্রহণ করেন আদালত। খালেদা জিয়া আদালতের অনুমতি নিয়ে একটি চেয়ারে বসে ছিলেন।রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি: দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেন এবং জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। গত বছরের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় দুদক। আদালত অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি করতে চান। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা নিরাপত্তাহীনতা, সংসদ অধিবেশন চলছে, রাজনৈতিক কারণে ব্যস্ত থাকা ইত্যাদি নানা কারণ দেখিয়ে এর আগে ১৪ দফা সময় নেন।মোশাররফ হোসেন আদালতকে বলেন, এই মামলা করার আগে দুদক খালেদা জিয়াকে ২০১০ সালের ১৬ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চারবার নোটিশ দিয়েছে। কিন্তু তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দিয়েছেন। এরপর দুদক প্রাথমিক অনুসন্ধান শেষে এ মামলা করে।মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে এই ট্রাস্ট গঠন করেন। জমি কেনার জন্য দলীয় তহবিলে জমা দেখানো হয় ছয় কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা। কিন্তু জমির মালিককে সাত কোটি ৭৭ লাখ টাকার চেক দেওয়া হয়। বাকি এক কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা কীভাবে পেলেন, তার কোনো উৎস পাওয়া যায়নি। তদন্তে দেখা যায়, খালেদা জিয়া ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ উৎস থেকে অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও ব্যয় করেছেন। আসামিরা এক কোটি ৩৫ লাখ টাকা মেট্রোমেকার্স ডেভেলপারসের হিসাব থেকে বিএনপির তহবিলে জমা দেখানোর মাধ্যমে বৈধ দেখানোর চেষ্টা করেন। তবে তদন্তকালে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেছেন, তাঁরা এ ধরনের কোনো টাকা লেনদেন করেননি। আইনজীবী বলেন, অভিযোগপত্র গ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।খালেদা জিয়ার পক্ষে মাহবুব উদ্দিন খোকন আদালতকে বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। তাই দুর্নীতির অভিযোগ আনার কোনো সুযোগ নেই। তা ছাড়া দুদক ২০১০ সালের ১৬ মার্চ প্রথম একটি নোটিশ দেয়। ওই নোটিশের জবাব দিয়ে জানতে চাওয়া হয়েছে, খালেদা জিয়া কেন দুদকের নোটিশে হাজির হবেন, তা জানানো হোক। ওই বিষয়ের সারসংক্ষেপ দেওয়া হোক। কিন্তু তা দেওয়া হয়নি। ওই নোটিশের বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে, তা বিচারাধীন। দুদক রিট আবেদনের বিষয়টি গোপন করে এই মামলা করে এবং অভিযোগপত্র দেয়।মাহবুব উদ্দিন বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্টে যে অর্থ জমা হয়েছে, তা দলীয় কর্মীরা জমা করেছেন। এতে অনিয়মের কিছু নেই। দলীয় নেতা-কর্মীদের দলীয় তহবিলে অর্থ জমা দেওয়া ও তা খরচ করার ক্ষেত্রে দুর্নীতির কিছু নেই। এই মামলার বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন রয়েছে। তাই অভিযোগপত্র আমলে নেওয়ার সুযোগ নেই।খালেদা জিয়ার পক্ষে আরও শুনানি করেন আমিনুল হক, সানাউল্লাহ মিয়া, বোরহান উদ্দিন প্রমুখ। দুদকের পক্ষে মোশাররফ হোসেনকে সহযোগিতা করেন কবির হোসেন, রফিকুল ইসলাম, মীর আহমেদ আলী ও মাহমুদ হোসেন।৬ জানুয়ারি এ বিষয়ে শুনানির তারিখ থাকলেও খালেদা জিয়া ‘নিরাপত্তাহীনতার’ কারণে আদালতে হাজির না হওয়ায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুনানি হয়।মামলার অন্য দুই আসামি খালেদা জিয়ার রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেনের একান্ত সচিব মনিরুল ইসলাম খান আদালতে উপস্থিত ছিলেন।আদালতের বাইরে: খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার খবরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকেই আদালত এলাকায় ভিড় করতে থাকেন। এ জন্য আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করতে র্যা ব-পুলিশ মোতায়েন করা হয়।