নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট হয়েছে। রিটের ওপর শুনানি হয়েছে। রোববার আদেশ দেওয়া হবে।বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার শুনানি গ্রহণ করে রোববার আদেশ দেওয়ার কথা বলেন। এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিতে বলা হয়েছে।মুহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আদেশের চিঠি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয় গত বুধবার। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস নিজে একটি এবং পরিচালনা পর্ষদের নয়জন সদস্য পৃথক আরেকটি রিট করেন।এর আগে সকালে হাইকোর্টে যান মুহাম্মদ ইউনূস। অবস্থান করেন ড. কামাল হোসেনের চেম্বারে। দুপুর সোয়া ১২টার দিকে তিনি এজলাসে যান। সাড়ে ১২টায় আদালতে রিট আবেদন উপস্থাপন করেন কামাল হোসেন। সংক্ষিপ্ত বক্তব্য শুনে আদালত দুইটায় শুনানির সময় নির্ধারণ করেন। এরপর সোয়া দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শুনানি করেন আদালত।শুনানিতে কামাল হোসেন বলেন, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ ড. ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়ে এভাবে তাঁকে অপসারণ করতে পারে না। অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী কোনো কর্মকর্তা-কর্মচারী ৬০ বছর বয়স পর্যন্ত চাকরিতে থাকতে পারেন। কিন্তু আবেদনকারীর বয়স ৭০ বছর হলেও তিনি অবৈধভাবে ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন।আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সারা হোসেন ও মুস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তৌফিক নেওয়াজ।শুনানিতে অংশ নিয়ে মুহাম্মদ ইউনূসের পক্ষে কামাল হোসেন বলেন, নয়জন পরিচালক এসেছেন, তাঁরা গ্রামের মেয়ে। তাঁরাই ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কর্তৃপক্ষ। আদালত বলেন, ৬০ বছর বয়সসীমার বিষয়টি কোথায় আছে? কামাল হোসেন বলেন, বিধিমালায় আছে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পর তা অনুমোদন করা হয়েছে। প্রতিবছর অডিট হয়েছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনি এ পদে থাকবেন। এটা যুক্তিসংগত ও গ্রহণযোগ্য।কামাল হোসেন আরও বলেন, অপসারণ করে বাংলাদেশ ব্যাংকের দেওয়া চিঠি অবৈধ ও বেআইনি। এ ক্ষেত্রে কারণ দর্শানো হয়নি। এটা আমাদের সংবিধান অনুমোদন করে না। কোনো কারণ দর্শানো ছাড়া কাউকে বহিষ্কার করা যায় না। কিন্তু এটা ২০১১ সালে বলতে হচ্ছে। তিনি বলেন, ১৯৮৩ সালে প্রথম ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন। এরপর গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ ১৯৯০ সালে একই পদে দ্বিতীয় দফায় তাঁকে নিয়োগ দেয়। গ্রামীণ ব্যাংক পরিচালনা আইন সংশোধন করে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের হাতে দেওয়া হয়। পরে ইউনূস যখন গ্রামীণ ব্যাংক ছেড়ে যেতে চাইলেন, তখন ১৯৯৯ সালে পরিচালনা পর্ষদ তাঁকে যেতে দেয়নি। পর্ষদ সিদ্ধান্ত নিল, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন। পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠানো হয়। ২০০১ সালে এটা গেজেট আকারে জারি করা হয়। কাজেই দায়িত্ব থেকে অপসারণ করার অধিকার শুধু পরিচালনা পর্ষদের, বাংলাদেশ ব্যাংকের নয়। বাংলাদেশ ব্যাংকের একজন জিএম কারণ দর্শানোর নোটিশ না দিয়েই তাঁকে অপসারণের চিঠি দিয়েছেন। এটা আমাদের হাজার বছরের সভ্যতার পরিপন্থী। একজন নোবেল বিজয়ী ব্যক্তি এবং যিনি ৩০ বছর ধরে প্রতিষ্ঠানটি লালন করছেন, তাঁকে এভাবে বিদায় দেওয়া যায় না। প্রতিষ্ঠানটি বাঁচানোর জন্য তাঁকে দরকার। কামাল হোসেন বলেন, বলা হচ্ছে, ১০ বছর আগে ইউনূস এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ১০ বছর পর তাদের ঘুম ভাঙল। বলা হলো, ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকা অবৈধ। এটা মার্জিত ভাষা নয়। অর্থমন্ত্রী ও অর্থসচিব বলেছেন, এ অপসারণের বিষয়টি আইনগত বিষয়। আমরাও বলছি তাই। এ কারণে আইনের আশ্রয় নিতে আদালতে এসেছি। আদালত রুল জারি করলে রুলের শুনানিতে সব পরীক্ষা করে দেখা যাবে।রুল জারির বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, আইন-কানুন ও বিধি মেনেই বাংলাদেশ ব্যাংক আবেদনকারীকে অপসারণের চিঠি দিয়েছে। ব্যাংকিং খাতে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ কর্তৃপক্ষ। একজন ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালকের পদে আজীবন টিকিয়ে রাখতেই ২০০১ সালের ১৯ নভেম্বর গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তাদের আইন পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে। গ্রামীণ ব্যাংকের নিজস্ব আইন অনুযায়ী তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন করানোর কথা। কিন্তু বাংলাদেশ ব্যাংককে অন্ধকারে রেখে ২০০১ সালে গ্রামীণ ব্যাংক নিজেই বিজি প্রেস থেকে সেটা ছাপিয়ে নেয়। সরকারি সিদ্ধান্ত ছাড়া বিজি প্রেস এটা কীভাবে ছাপল? আদালতের এমন প্রশ্নের জবাবে মাহ্বুবে আলম বলেন, কিছু কিছু ক্ষেত্রে নিজেরা নির্ধারিত ফি দিয়ে এভাবে বিজি প্রেস থেকে গেজেট ছাপাতে পারে। মাহ্বুবে আলম আরও বলেন, গ্রামীণ ব্যাংকের চাকরিবিধি অনুযায়ী ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তি থাকতে পারেন না। কিন্তু ড. ইউনূস থাকেন কী করে? তাঁর বয়স এখন ৭০-এর বেশি। এর পরও তিনি এই পদে আছেন। তিনি আইন মেনে পদটি ছেড়ে দিলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয় না। ইউনূস মহত্ত্ব দেখালে এই পদে থাকতেন না। ছেড়ে যেতেন। পদ আঁকড়ে থাকার মধ্যে মহত্ত্ব নেই।আদালত থেকে বেরিয়ে: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংক পরিচিত প্রতিষ্ঠান। এর সদস্য বাংলাদেশজুড়ে। প্রতিষ্ঠানজুড়ে আছে ৮৩ লাখ সদস্য। এটা ধরলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। নিজেদের সম্পদ তথা আমানত দিয়েই প্রতিষ্ঠানটি চলে। প্রতিষ্ঠান পরিচালনায় বিশ্বাসে চিড় ধরলে বা আস্থার অভাব হলে প্রতিষ্ঠানটি নড়বড়ে হয়ে যাবে। এই প্রতিষ্ঠানে যেন কোনো ধাক্কা না লাগে। তাই প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে ও রক্ষা করতে সবার কাছে আবেদন জানাচ্ছি। কে এই প্রতিষ্ঠানে থাকল কি না-থাকল অথবা আমি থাকলাম কি না-থাকলাম, এটি বড় কথা নয়।ইউনূস বলেন, ‘আমাদের বোর্ডে বারে বারে আবেদন জানিয়েছি যে আমাকে ছেড়ে দিন। বোর্ড আমাকে বারবার বলেছে, আপনি থাকেন। আমি রয়ে গেছি। তা না হলে আমি বহুদিন থেকে চেষ্টা করছি, থাকার কোনো ইচ্ছা আমার ছিল না।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চাই, সবার দায়িত্ব হস্তান্তর যেন সুন্দর হয়। বিদায় যেন সুন্দর হয়।’কামাল হোসেন সাংবাদিকদের জানান, রিটের ওপর শুনানি হয়েছে। আদালত রোববার আদেশ দেবেন।অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন, উনি আজীবন বা যত দিন ইচ্ছা থাকতে পারবেন। কোনো ব্যাংকের ব্যাপারে এটা কী হতে পারে! এক প্রশ্নের জবাবে মাহ্বুবে আলম বলেন, মূলত দুটি রিট আবেদনের বিষয় একই। তাই দুটি রিট আবেদনের ওপর একসঙ্গে আদেশ হবে কি না, সেটা নির্ধারণ করবেন আদালত।রিট আবেদনের অংশবিশেষ: রিট আবেদনে জানা যায়, মুহাম্মদ ইউনূসের অব্যাহতির আদেশ কেন অবৈধ নয়—এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের আদেশ স্থগিত রাখারও আবেদন করা হয়। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।আবেদনে বলা হয়, কোনো আত্মপক্ষ সমর্থন ছাড়াই মুহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউনূসের নিয়োগের ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়া হয়নি, বাংলাদেশ ব্যাংকের এমন বক্তব্য সঠিক নয়। ১৯৯০ সালের আগস্টে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগে পূর্বানুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে মুহাম্মদ ইউনূসকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। ফলে ওই অনুমোদন বহাল আছে। আর গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের। সেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষমতা নেই। তাই তাঁকে অব্যাহতি দিতে হলে পরিচালনা পর্ষদ দেবে।আবেদনে আরও বলা হয়, ১৯৯৯ সালে গ্রামীণ ব্যাংকের হিসাব কার্যক্রমে স্থিতাবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করে। ওই সময় ইউনূসের ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য না হওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। এর জবাবে ২০০১ সালে বাংলাদেশ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের একটি বৈঠক হয়। সিদ্ধান্ত হয়, আইন অনুযায়ী এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত চূড়ান্ত। এর পর থেকে ২০১০ সালের আগস্ট পর্যন্ত কোনো প্রশ্ন তোলা হয়নি।