আদালতে প্রধানমন্ত্রীর ওহি নাজিল হয়: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী আদালতে ওহি নাজিল করেন। আর সেই ওহি আদালতে বাস্তবায়িত হয়। একই আদালতে তাই দুই ধরনের বিচার শুরু হয়েছে। সরকারি দলের লোকজনের জন্য এক ধরনের রায়, আর বিরোধী দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের জন্য আরেক ধরনের রায়। এভাবে চলতে পারে না। এ অবস্থা থেকে দেশ রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।আজ বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে রাজশাহী আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে নিরপেক্ষভাবে করতে হবে। কিন্তু এ সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন শুরু করেছে। এটা বিচারের নামে প্রহসন বলেও তিনি উল্লেখ করেন। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়ে দেশ রক্ষা করার আহ্বান জানান তিনি। এ জন্য তিনি শিগগিরই বিভিন্ন জেলা সফর করবেন বলেও জানান।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, মাহবুব উদ্দিন খোকনসহ প্রমুখ।