আদালতে যাননি খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে যাননি। আজ মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁর আদালতে হাজির হওয়ার কথা ছিল। ফলে আজ মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি। খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে তাঁর আইনজীবী আদালতে বলেন, তিনি আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হতে পারবেন না। এ জন্য আরও সময় চেয়ে আবেদন করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহিরুল হক আগামী ১ অক্টোবর অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। এ নিয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান। পরে আইনজীবীদের অনুরোধে তিনি এজলাসে ফিরে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। গত বছর ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ মামলায় অন্য আসামিরা হলেন: খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, তত্কালীন একান্ত সচিব (বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক) জিয়াউল ইসলাম ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী শুরু থেকেই পলাতক।