১০ টাক অস্ত্র আটক মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) ফররুখ আহমেদ আজ মঙ্গলবার নির্ধারিত দিনে আদালতে হাজির হননি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাঁর এ অনুপস্থিতিকে অস্বাভাবিক বলে আদালতে মন্তব্য করেন। এ অবস্থায় বিচারক এস এম মজিবুর রহমান ২৯ জুলাই এ মামলার পরবর্তী কার্যদিবস ঘোষণা করেন।চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এ আজ তাঁর উপস্থিত হওয়ার কথা ছিল। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ এ প্রসঙ্গে আদালতকে বলেন, ডিআইজি ফররুখ আহমেদের বাসা ঢাকার ভাষানটেকে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর বাসায় গিয়ে তাঁকে পাননি। তাঁর মুঠোফোনটি বন্ধ রয়েছে। সব ধরনের চেষ্টা করে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর এ অনুপস্থিতি আসলে একটি অস্বাভাবিক ঘটনা।প্রসঙ্গত, ৩ জুলাই তিনি এ মামলায় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ওই দিন থেকে টানা তিন দিন তাঁকে আসামিপক্ষের কৌঁসুলিরা জেরা করেন। জেরা অসমাপ্ত ছিল বলে আদালত আজ ১০ জুলাই আবার জেরার করার দিন ধার্য করেছিলেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন করে তদন্ত শুরু হয়। বর্তমান সরকারের আমলে এ মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তাতে সাবেক দুজন মন্ত্রী মতিউর রহমান নিজামী ও লুত্ফুজ্জামান বাবরসহ সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সচিব ও উলফা নেতা পরেশ বড়ুয়াসহ নয়জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে পরেশ বড়ুয়া ও সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন পলাতক।