আদালতে হাজির হননি সেই ভণ্ড ফকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তধন উদ্ধার করে দেওয়ার নামে রাতের পর রাত গৃহবধূ ধর্ষণ মামলার আসামি পুঠিয়ার ভণ্ড ফকির আলেক (৪২) আদালতে হাজিরা দেননি। গত ৬ জুন হাজিরার দিন আলেক ফকিরের আইনজীবী সময়ের আবেদন করেন। আগামী ৫ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী ধার্য দিন রয়েছে।৬ জুন আদালতে হাজিরা দেওয়ার সময় ওই গৃহবধূর সাবেক স্বামী সান্টু মণ্ডল আবার তাঁর স্ত্রীকে ফিরিয়ে নিতে চেয়েছেন। কিন্তু আদালত তাঁর আবেদনে সাড়া দেননি।এদিকে আলেক ফকির সেদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকলেও হাজিরা দেননি। তিনি গ্রামে ফিরে আসার পর গৃহবধূর পরিবারকে তুচ্ছতাচ্ছিল্য করে বলেছেন, এ মামলা করে তারা তাঁর কিছুই করতে পারবে না। এতে করে ওই গৃহবধূর পরিবার চরম হতাশার মধ্যে রয়েছে। ফকির সব সময় তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।২০০৯ সালের ২৫ ডিসেম্বর রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূর শ্বশুর আজিজুল মণ্ডল (৫২), ভাশুর ফারুক (৩৫), শাশুড়ি বারিকজান বেগম (৪৮) ও স্বামী সান্টু মণ্ডল (২৮) ফকিরের সঙ্গে সলাপরামর্শ করে গুপ্তধনের লোভে তাঁকে ফকিরের হাতে তুলে দেন। ফকির ঘরের দরজা বন্ধ করে আসনের নামে ২০-২৫ দিন ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনা প্রকাশ হলে গৃহবধূকে তালাক দেওয়া হয়। এতে পরবর্তী সময়ে মেয়েটি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। এ নিয়ে গত ২৯ মে আইন অধিকার পাতায় ‘গৃহবধূকে ভণ্ড ফকিরের হাতে তুলে দেওয়ার পর...’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর এ মামলা নতুন করে গতি পায়।