আদালতের আদেশের পর টু-জি লাইসেন্স নবায়ন: বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের আদেশের পর এর ভিত্তিতে মুঠোফোন অপারেটরদের দ্বিতীয় প্রজন্মের (টু-জি) লাইসেন্স নবায়ন করা হবে। লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত বেসরকারি চার মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল কার্যক্রম চালাতে পারবে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে বিটিআরসির চেয়ারম্যান সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান।এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সব মুঠোফোন অপারেটরদের একই সময়ে লাইসেন্স নবায়ন করতে বিটিআরসিকে চিঠি দেয়। এ চিঠি গতকালই বিটিআরসিতে পৌঁছায়।বৈঠকের বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। তাই আদালতের সিদ্ধান্তের পরই লাইসেন্স নবায়নসহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত অপারেটরগুলোকে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট অপারেটরদেরও জানানো হয়েছে।এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজি মনিরুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে বিষয়টির সুরাহা হবে। একইসঙ্গে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য বিটিআরসিকেও ধন্যবাদ জানাই।’বিটিআরসিকে পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে আইনগত কোনো বাধা না থাকলে ও মুঠোফোন লাইসেন্স নবায়নবিষয়ক নীতিমালার অন্যান্য শর্তগুলো পূরণ করা হলে মুঠোফোন অপারেটরদের লাইসেন্স একই সময়ে নবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। চিঠিতে লাইসেন্স নবায়ন গাইডলাইনের (নীতিমালা) কিছু বিষয় স্পষ্টীকরণ করা হয়েছে।চিঠিতে বলা হয়, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অপারেটরের লাইসেন্স নবায়ন করা হলে এ খাতে বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিতে পারে। এমতাবস্থায় সব অপারেটরদের একই সময়ে লাইসেন্স নবায়ন করার জন্য বিটিআরসিকে বলেছে মন্ত্রণালয়। লাইসেন্স নবায়নের লক্ষে ফি ও চার্জ জমার সময় ছিল ৯ নভেম্বর।গত ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়নের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে বিটিআরসি। লাইসেন্স নবায়নের জন্য গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল ইতিমধ্যে নবায়ন ফি ও স্পেক্ট্রাম ফি বিটিআরসিতে জমা দিয়েছে। তবে স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়ে গ্রামীণফোন ও বাংলালিংক আদালতে যাওয়ায় এ দুটি প্রতিষ্ঠানের বিষয়ে স্থিতাবস্থার নির্দেশ দিয়েছেন আদালত। গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা না দিতে বিটিআরসিকে নির্দেশনা দেন আদালত।