আদালতের ঐতিহ্য ধ্বংস করতে দেওয়া হবে না: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, দলীয়করণ, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে খেয়াল-খুশিমতো বিচারপতি নিয়োগ দেওয়া হলে আদালত ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা করতে দেওয়া হবে না। প্রাণ দিয়ে হলেও আদালতের ঐতিহ্য রক্ষা করা হবে।আজ বৃহস্পতিবার আমীর-উল ইসলামের আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় ড. কামাল এসব কথা বলেন। আমীর-উল ইসলামের জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করেন।কামাল হোসেন বলেন, ‘দল করব কোর্টের বাইরে। কোর্টের ভেতরে দলাদলি সংবিধান পরিপন্থী।’ তিনি আদালত ও দেশকে দলীয়করণ মুক্ত করার আহ্বান জানান। আদালতের মর্যাদা রক্ষার জন্য ২৫০ জন আইনজীবী জেলে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আদালতে যে ঐতিহ্য প্রতিষ্ঠা করেছিলাম, তা পুনরুজ্জীবিত করে ছাড়ব।’প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, দেশের মানুষ আইনের শাসনে বিশ্বাস করে। আদালতে প্রচুর মামলা আসে। মানুষ বিচার পায় বলেই আদালতে আসে। আইনের সীমাবদ্ধতার ভেতর থেকে আদালত দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট সচেতন। এ জন্য তিনি দলমত-নির্বিশেষে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন।মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিকভাবে যাতে গ্রহণযোগ্যতা পায়, সে জন্য ড. কামাল হোসেন ও আমীর-উল ইসলামকে ওই বিচারপ্রক্রিয়ায় বর্তমানদের সঙ্গে যুক্ত করার দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোকনউদ্দিন মাহমুদ।অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রবীণতম আইনজীবী টি এইচ খান সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে আমীর-উল ইসলাম, রফিক-উল হক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, বিচারপতি এস কে সিনহা, আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রমুখ বক্তব্য দেন।বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে আমীর-উল ইসলামকে শুভেচ্ছা জানান।