আদালতের ওপর জনগণের আস্থা শূন্যের কোটায়: এ টি এম আজহার
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আদালতের ওপর জনগণের আস্থা এখন শূন্যের কোটায়। আজ মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আজহারুল ইসলাম বলেন, ‘সরকার আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাঁর স্বাধীন মর্যাদা ভূলণ্ঠিত করছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ধ্বংসের জন্য আদালতকে ব্যবহারের ষড়যন্ত্র হচ্ছে। জনগণ এ ষড়যন্ত্র সফল হতে দেবে না।’একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতার মুক্তির দাবিতে আজ এ সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে চার দিনে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো—জ্বালানি তেলের মূল্যর প্রতিবাদে ২৬ মে সারা দেশে মানববন্ধন, নিজামী-মুজাহিদকে নতুন মামলায় জড়ানো প্রতিবাদে ১ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ৯ জুন প্রতিবাদ সমাবেশ এবং পানি, বিদ্যুত্, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১৫ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ।