আদালতের কপি পেলেই অবরোধ-অনশন প্রত্যাহার
উচ্চ আদালতের কপি হাতে পেলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা তাঁদের অবরোধ ও অনশন কর্মসূচি প্রত্যাহার করবেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক এম এ মতিন এ কথা বলেন। আজ দুপুরে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেলের নির্ধারিত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে এম এ মতিন সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, হাইকোর্ট আগামীকাল উপাচার্য প্যানেল নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা উচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশনার কপিটি পাওয়ামাত্র আমাদের চলমান অবরোধ ও অনশন কর্মসূচি প্রত্যাহার করা হবে। তবে কাল পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়ার প্রতিবাদে আজও আন্দোলন করছেন সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।