‘আমি নবীন সৈনিক। না বুঝেই বিদ্রোহের পর পিলখানা ত্যাগ করেছিলাম। জীবনের কথা চিন্তা করে বিদ্রোহ প্রতিহত করতে যাইনি। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে এটা আমার অপরাধ।’ এভাবে নিজের ভূমিকা বর্ণনা করে গতকাল বৃহস্পতিবার বিশেষ আদালত-৮-এর কাছে অনুকম্পা চাইলেন আসামি সিপাহি ইশতিয়াকউদ্দিন। ১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলার আরও তিন আসামি আদালতের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।আসামিরা দোষী না নির্দোষ—এ প্রশ্ন শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ হয়। আগামী ৭ নভেম্বর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন শুরু হবে।গতকাল বেলা সাড়ে ১১টায় বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হকের সভাপতিত্বে আদালতের কার্যক্রম শুরু হয়। তাঁর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ভীষ্মদেব চক্রবর্তী। এ মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান।আগের দিন বুধবার আদালত মামলার ৬২২ জন আসামির মধ্যে ২৮০ জনের কাছে তাঁরা দোষী না নির্দোষ তা জানতে চেয়েছিলেন। গতকাল কার্যক্রম শুরু হলে বাকি আসামিদের একে একে ওই প্রশ্ন করা হয়। ৬২২ নম্বর আসামিকে এই প্রশ্ন করতে বেলা তিনটা বেজে যায়। আসামিদের মধ্যে চারজন নিজেদের দোষী বলেন। অন্যরা নিজেদের নির্দোষ দাবি করেন। এর আগের তিন দিন আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়।এই মামলার আসামি ছিলেন ৬২৩ জন। এঁদের মধ্যে ব্যাটালিয়নের নিজস্ব সদস্য ৩১৫ জন এবং সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের সদস্য ৩০৮ জন। বিচারকাজ শুরু হওয়ার পর তাঁদের একজন মারা গেলে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।গতকাল আদালতের অনুকম্পাপ্রার্থী আসামিদের মধ্যে দুজন প্রথমে নিজেদের নির্দোষ দাবি করেন। পরে তাঁরা নিজেদের দোষী বলে স্বীকার করে আদালতের অনুকম্পা চান। তাঁদের মধ্যে সেপাই শরীফ জাহাঙ্গীর আলম আদালতকে বলেন, বিদ্রোহে বাধা না দিয়েই তিনি সাদা পোশাকে পিলখানা থেকে বের হয়ে যান। তিনি বিদ্রোহের আর কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না। একই রকম কথা বলেন অনুকম্পাপ্রার্থী জামালউদ্দিন। তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি তিনি দরবারে ছিলেন। হইচই শুরু হওয়ার পর ধাক্কাধাক্কিতে তিনি মানুষের স্রোতে দরবার হল থেকে বের হয়ে আসেন। স্বেচ্ছায় বের হননি। আরেক অনুকম্পাপ্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘দায়িত্ব থাকার পরও আমি বিদ্রোহ প্রতিহত করার চেষ্টা করিনি। আসলে সেদিন কিছু বুঝে উঠতে পারিনি।’আদালত চলাকালে একপর্যায়ে নাসিরউদ্দিন নামের এক আসামি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য পুলিশের হেফাজতে বিডিআর হাসপাতালে পাঠান আদালত।অভিযোগ গঠন শেষে ৭ নভেম্বর পর্যন্ত আদালত মুলতবি করা হয়।আদালত মুলতবি ঘোষণার পর মামলার প্রসিকিউটর সাংবাদিকদের জানান, এই মামলায় ১০৪ জন সাক্ষ্য দেবেন। তাঁদের মধ্যে পাঁচজন সেনা কর্মকর্তা। চাক্ষুষ সাক্ষী ছাড়াও আসামিদের ছবি, ভিডিও ফুটেজ ও ঘটনাগত প্রমাণাদি (সারকামসট্যান্সেস এভিডেন্স) উপস্থাপন করা হবে। তিনি জানান, এই মামলার বিচার চলাকালে যেকোনো পর্যায়ে যেকোনো আসামি নিজের দোষ স্বীকার করে আদালতে ক্ষমাপ্রার্থী হতে পারবেন।