আদালতের কোনো বিচারপতি মুক্তিযোদ্ধা, জানা নেই
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আদালতের সমালোচনা করে বলেছেন, ‘আদালত এখন ইতিহাস লিখছে। ইতিহাস লেখার দায়িত্ব আদালতের—আইনে এমন কোনো ধারা-উপধারা আছে বলে আমার জানা নেই।’ এটা আদৌ আদালতের দায়িত্ব কি-না, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘স্বাধীনতার ঘোষণা কি আদালতের রায়ে হয়েছে? আদালতের রায়ে বাংলাদেশ স্বাধীনও হয়নি। যে সময় পাকিস্তানিরা আক্রমণ করল, আদালত তখন কাউকে তলবও করেনি, রায়ও দেয়নি। এটি যে অবৈধ, তা-ও বলেনি।’ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় আদালত কয়েক দিন পর পর যাকে-তাকে বলব করছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘আদালতের কোনো বিচারপতি মুক্তিযোদ্ধা আছেন, এমনটি আমার জানা নেই।’ আজ রোববার রাজধানীর প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ঢাকা মহানগর শাখা আয়োজিত গোলটেবিল আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে আপনি যে পাকিস্তানের রেশন খেলেন। আপনাকে, আপনার মাকে পাকিস্তানিরা বাজার করে দিল। সন্তান হওয়ার সময় আপনাকে হাসপাতালে নিয়ে গেল, এটা কি আপনার দোষ? আমরা মনে করি না আপনার দোষ।’প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেন, জিয়া ও স্বাধীনতা অবিচ্ছেদ্য। স্বাধীনতার ৪১ বছর পরও আমরা স্বাধীনতা খুঁজে পাচ্ছি না। রাষ্ট্রের চারটি স্তম্ভ ধ্বংস করা হচ্ছে। দেশের আনাচে-কানাচে দুর্যোগ, দারিদ্র্য ও বৈষম্য দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।