আদালতের নির্দেশের পরও মামলা না নেওয়ার ফন্দি!
আদালতের নির্দেশ থাকার পরও লিমনের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত র্যাব সদস্যদের বিরুদ্ধে মামলা না নেওয়ার ফন্দিফিকির করছে ঝালকাঠির রাজাপুর থানার পুলিশ। গতকাল সোমবার র্যাবের করা সাজানো মামলার তদন্ত কর্মকর্তা এ ঘটনায় নতুন করে মামলা না নেওয়ার পক্ষে আদালতে মতামত দেন। তিনি বলেন, এ ঘটনায় র্যাব যে মামলা করেছে, এর সঙ্গে লিমনের মায়ের অভিযোগ একত্রে তদন্ত করা যেতে পারে। আদালত তাঁর আবেদন খারিজ করে দেন।সূত্র জানায়, গতকাল সোমবার লিমনের বিরুদ্ধে করা দুটি মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক আরিফুল ইসলামের পক্ষে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি আবেদন করা হয়। কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির এই আবেদন উপস্থাপন করেন। আবেদনে তিনি জানান, লিমনের বিরুদ্ধে বরিশাল র্যাবের উপসহকারী পরিচালক লুৎফর রহমানের করা দুটি মামলা আছে। এই মামলার সঙ্গে লিমনের মা হেনোয়ারা বেগমের অভিযোগ একীভূত করে তদন্ত করা যেতে পারে। তিনি এ ব্যাপারে আদালতের অনুমতি চান। আদালতের বিচারক নুসরাত জাহান তাঁর আবেদন নামঞ্জুর করে আদালতের আদেশমতো মামলা নিতে বলেন।১০ এপ্রিল লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে তাঁর ছেলে লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নালিশি অভিযোগ করেন। আদালতের বিচারক নুসরাত জাহান অভিযোগের শুনানি শেষে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। কিন্তু ১৫ দিনেও মামলা না নেওয়ায় আদালত ৪৮ ঘণ্টার মধ্যে এজাহার গ্রহণের নির্দেশ দেন; যদিও প্রথমে ২৪ ঘণ্টার মধ্যে এজাহার গ্রহণের কথা জানা গিয়েছিল।রাজাপুর থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক আবদুল হালিম তালুকদার জানান, আদালতের নির্দেশ গত রোববার রাতে থানায় পৌঁছেছে। মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত সময় রয়েছে। এ সময়ের মধ্যে আদেশ বাস্তবায়ন করা হবে।হেনোয়ারা বেগমের আইনজীবী নাসিমুল হাসান বলেন, এজাহার গ্রহণের আদেশ পেয়েও রাজাপুর থানার পুলিশ এজাহার গ্রহণ না করে সময়ক্ষেপণের জন্য র্যাবের করা মামলার সঙ্গে এই অভিযোগ একসঙ্গে তদন্তের আবেদন জানিয়েছে। ইতিপূর্বে কোনো মামলার ক্ষেত্রে আদালতের নির্দেশ লঙ্ঘনের এই অপচেষ্টা দেখা যায়নি বলে তিনি জানান।