আদালতের পরিবেশ নারীদের জন্যউপযুক্ত নয়
মানবাধিকার নেত্রীনারীদের সুরক্ষা এবং প্রতিকারের জন্য যে আইনগুলো বাংলাদেশে বিদ্যমান আছে, তাতে অনেক ত্রুটি-বিচ্যুতি রয়েছে। বিশেষ করে পারিবারিক আইনগুলোতে অনেক বৈষম্য আছে। নারী নির্যাতন রোধে যে আইনগুলো আছে, তাও আমার কাছে যথাযথ মনে হয় না। সময়ে সময়ে এসব আইনের অপব্যবহারও হচ্ছে। এটা বন্ধে আইনের ত্রুটিগুলো দূর করতে হবে। আমাদের আদালতের পরিবেশও নারীদের জন্য উপযুক্ত নয়। মামলার ক্ষেত্রে দেখা যায়, মামলার কারণে নারী যতটা ভোগান্তি পোহাচ্ছেন, এর চেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন আদালত অঙ্গনে। অনেক স্পর্শকাতর মামলায় আইনজীবী ও বিচারকদের সহযোগিতা সব সময় পাওয়া যায় না। একজন নারী আদালত অঙ্গনে একা একা এমনিতেই অসহায় বোধ করেন। এর মধ্যে আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিচারকদের অসৌজন্যের ফলে তিনি আরও অসহায় হয়ে পড়েন। ধর্ষণের মামলার ক্ষেত্রে আমাদের এখানে এখনো ক্যামেরা ট্রায়াল বা গোপন বিচারের পদ্ধতি গড়ে ওঠেনি। এ-সংক্রান্ত মামলায় দেখা যায়, এমন কিছু বিব্রতকর প্রশ্ন করা হয় নির্যাতনের শিকার নারীকে, যা তাঁর জন্য আরও অসম্মানজনক। অনেক সময় অতিরিক্ত বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হওয়ার কারণে ওই নারী মুখ খুলতে চান না। ফলে ন্যায়বিচার থেকে তিনি বঞ্চিত হন। আমার জানামতে, দু-একটি মামলায় ক্যামেরা ট্রায়াল হয়েছিল। নারীদের ন্যায়বিচারের স্বার্থে সঠিক ও নারীবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। উচ্চ আদালতের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য।বিভিন্ন মানবাধিকার সংগঠন অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছে নারীর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। তবে এটা ঠিক, নারীবান্ধব আইন ও আদালত অঙ্গনের কথা খুব কম এসেছে। এখন সময় এসেছে এ নিয়ে ভাবার। কোনো বিশেষ আইন প্রণয়ন করা হয় জনকল্যাণেই। এ আইন আরও কীভাবে কল্যাণকর করা যায়, তা ভাবতে হবে। এ নিয়ে আইন কমিশনের অনেক ভূমিকা থাকা উচিত। নারীবিষয়ক বিভিন্ন আইনের ত্রুটি-বিচ্যুতি ও বৈষম্যগুলো চিহ্নিত করে সংস্কারে হাত দেওয়া উচিত। এ বিষয়গুলো সরকারের বরাবর প্রস্তাব আকারে পাঠানো উচিত।