আদালতের প্রশ্নের জবাবে নিরুত্তর ম্যানিং
আলোচিত ওয়েবসাইট উইকিলিকসে তথ্য ফাঁসের দায়ে অভিযুক্ত মার্কিন সেনা ব্রাডলি ম্যানিং আদালতকে কোনো প্রশ্নের স্পষ্ট জবাব দেননি। বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে।গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত ফোর্ট মেডে অনুষ্ঠিত শুনানিতে বিবাদী পক্ষকে প্রথমবারের মতো তাঁর বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হয়। কিন্তু ৪৫ মিনিটের ওই শুনানিতে ম্যানিং ছিলেন একেবারেই নীরব। প্রথম থেকেই তিনি বিচারক ডেনিস লিন্ডের প্রশ্নের জবাব দিতে দেরি করেন। এমনকি একজন সামরিক বিচারক না কি সামরিক বিচারকদের অধীনে বিচার চান—এমন প্রশ্নের জবাব দিতেও অস্বীকৃতি জানান তিনি। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ৩ আগস্ট ম্যানিংয়ের বিচার শুরু করার ব্যাপারে মন স্থির করেন। কিন্তু বেসামরিক আইনজীবী ডেভিড কুম্বস জুনে বিচার শুরু করতে আদালতকে অনুরোধ জানান। আগামী ১৫ মার্চ ম্যানিংয়ের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ২৪ বছর বয়সী ম্যানিং ইরাকে মার্কিন সেনাবাহিনীর একজন গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করতেন। উইকিলিকসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০১০ সালের মে মাসে গ্রেপ্তার করা হয়। এরপর গত ডিসেম্বরে শুনানির জন্য তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তাঁকে সামরিক বিচারের সম্মুখীন করার জন্য সুপারিশ করা হয়। ম্যানিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।