আদালতের বাইরে পুলিশ ভেতরে এক আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন আইনজীবীকে গ্রেপ্তারের চেষ্টায় দুই দিন ধরে সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে রয়েছে পুলিশ। আর গ্রেপ্তার এড়াতে আইনজীবী সমিতির সভাপতির কক্ষেই রাত কাটাচ্ছেন ওই আইনজীবী।মোহাম্মদ আলী নামের এই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশের এক কর্মকর্তাকে মারধর করেছেন। মোহাম্মদ আলী গ্রেপ্তার এড়াতে বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত সমিতির সভাপতির কক্ষে রয়েছেন। রোববার আদালত না খোলা পর্যন্ত তিনি এখানেই থাকবেন বলে জানিয়েছেন। এর মধ্যে বিএনপি-সমর্থক আইনজীবীরা দফায় দফায় তাঁর সঙ্গে দেখা করেন। এদিকে বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গতকাল শুক্রবার পুলিশ পর্যাপ্ত নথি উপস্থাপন না করায় রিমান্ড শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করে আদালত এই আদেশ দেন।এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিলের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলীসহ নয় আইনজীবীকে আসামি করে মামলা করা হয়। এ ছাড়া হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২ আগস্ট শাহবাগ থানায় করা অপর মামলায়ও মোহাম্মদ আলী আসামি। অন্যদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে পুলিশ সরানোর দাবি নিয়ে গতকাল বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশের প্রতি সমঝোতার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। রাতে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে সুপ্রিম কোর্টের প্রশাসনে নিয়োজিত ছাড়া অন্য পুলিশ প্রত্যাহারের কথা বলেছি। প্রধান বিচারপতি ঘটনা শুনে আশ্বাস দিয়েছেন। বিকেলে জেনেছি, পুলিশ সরে গেছে।’মোহাম্মদ আলী পুলিশকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি অকারণে গ্রেপ্তার হতে চাই না। হাইকোর্টে আত্মসমর্পণের আগ পর্যন্ত এখানেই থাকব।’আইনজীবীদের আশঙ্কা, আদালত প্রাঙ্গণ থেকে বাইরে বের হলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তাই মোহাম্মদ আলী শনিবারও সেখানে অবস্থান করবেন। আদালত খুললে জামিনের আবেদন করা হবে।যেভাবে আছেন আলী: আইনজীবীরা জানান, বিএনপিপন্থী অন্য আইনজীবীরা আলীকে খাবার ও পানীয় পৌঁছে দেন। তাঁর বাসা থেকে পোশাক পাঠানো হয়। সমিতির সভাপতির কক্ষেই তিনি রাত কাটান। গতকাল বিকেলে মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ‘অনেক কষ্টে আছি। বিনা কারণে আমাকে হয়রানি করা হচ্ছে। এক প্রকার না খেয়েই রোজা করছি। বাসা থেকে জামা-কাপড় নিয়ে আসা হয়েছে। পোশাক পরিবর্তন করেছি।’হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর এবং সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ২ আগস্ট রাতে আশিফা আশরাফীসহ ১৪ আইনজীবীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা হচ্ছেন আবদুল জলিল। সেই মামলার তদন্তে গেলে গত বৃহস্পতিবার একদল আইনজীবী জলিলকে মারধর করেন। এই হামলার পর পুলিশ বিএনপিপন্থী আইনজীবী মোহাম্মদ আলীকে এর সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করলে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে আশ্রয় নেন মোহাম্মদ আলী। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করার বিধান না থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য অপেক্ষা করতে থাকে। গতকাল রাত পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশ অবস্থান করছিল। পুলিশ কর্মকর্তারা জানান, মোহাম্মদ আলী গ্রেপ্তার এড়াতে নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন।প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ: গতকাল বেলা তিনটার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। সাক্ষাৎ শেষে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, তাঁরা প্রধান বিচারপতিকে সার্বিক পরিস্থিতি বর্ণনা করেছেন।সমিতির সভাপতি বলেন, প্রধান বিচারপতি তাঁদের আশ্বাস দিয়েছেন আদালত প্রাঙ্গণ থেকে নিরাপত্তার স্বার্থে নিয়মিত দায়িত্বে থাকা পুলিশ ছাড়া অন্য পুলিশ ও গোয়েন্দা সদস্যদের সেখান থেকে প্রত্যাহার করার ব্যবস্থা করবেন। তাঁর এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিশেষ বেঞ্চে শুনানির আবেদন উত্থাপন করা হয়নি।কারা হেফাজতে আশিফা: হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গ্রেপ্তার হওয়া তিন আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী, তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিককে গতকাল দুপুরে ডিবি কার্যালয় থেকে মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে আসা হয়। বেলা আড়াইটার দিকে তাঁদের এজলাসকক্ষে তোলা হয়। তিন আইনজীবীকে কাঠগড়ায় তোলা হলে বিএনপি-সমর্থক আইনজীবীরা হট্টগোল শুরু করেন।ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পাপিয়াসহ তিনজনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল বারী তিন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। অভিযোগে বলা হয়, ওই তিন আইনজীবী হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন ও পুলিশের কাজে বাধা দিয়েছেন। এ ছাড়া পাপিয়ার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর অভিযোগ রয়েছে। এ সময় বিএনপি-সমর্থক আইনজীবীরা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে চিৎকার করতে থাকেন।কিন্তু মামলার প্রয়োজনীয় নথিপত্র (সিডি) না থাকায় আদালত ৮ আগস্ট রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে গ্রেপ্তারকৃতদের কারা হেফাজতে পাঠানোর আদেশ দেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. শাহাদত হোসেন।বেলা তিনটার দিকে পাপিয়াসহ তিন আইনজীবীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। গত বৃহস্পতিবার এই তিন আইনজীবীকে মৎস্য ভবনের মোড় থেকে গ্রেপ্তার করে ডিবি।পুলিশ পেটানোর মামলা: হাইকোর্ট এলাকায় হামলার শিকার আবদুল জলিল বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করেন। আসামিরা হলেন মোহাম্মদ আলী, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, মির্জা আল মাহমুদ, আশরাফুজ্জামান, ওয়ালিউর রহমান, কামরুল ইসলাম সজল, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার ও মাহমুদুল আরেফিন স্বপনসহ আরও অজ্ঞাত সাত-আটজন আইনজীবী।পুলিশের প্রতি হুঁশিয়ারি: গতকাল দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পুলিশের প্রতি সমঝোতার আহ্বান জানান সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।খন্দকার মাহবুব বলেন, ‘অযথা সুপ্রিম কোর্ট অঙ্গন উত্তপ্ত করবেন না। আসুন সমঝোতা করি।’ পুলিশের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নিজেদের সরকারের কাছের লোক মনে করার অহমিকা থেকে হামলা-মামলা নাজেহাল করবেন না, উসকানি দেবেন না। এসবের ফল শুভ হবে না। এটি হলে আইনজীবীরা বৃহত্তর আন্দোলনে যাবে।