আদালতের বাইরে বিষয়টি সমাধান করার দাবি খন্দকার মাহবুবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বিষয়টি আদালতের বাইরে অতিসত্বর সমাধান করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, নতুবা দেশের আইনজীবী সমাজ জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ বিষয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আজ শুক্রবার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আইনের শাসন সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা ও সহসম্পাদক মোর্শেদ আল মামুনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দীর্ঘ ৩০ বছর পর রাজনৈতিক প্রতিহিংসা ও আক্রোশের বশবর্তী হয়ে বর্তমান সরকার খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। এটা শুধু অনৈতিক নয়, মানবিক মূল্যবোধের বিরুদ্ধ। খালেদা জিয়ার বাড়ির বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত। দেশের মানুষ কোনো অবস্থাতেই খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে দেবে না। আইনের মারপ্যাঁচে অথবা যেকোনো কারণেই হোক হাইকোর্ট ওই আদেশ বহাল রেখেছেন। ফলে দেশে আজ এক ভয়াবহ রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে।’ আইনজীবী সমিতির সভাপতি আরও বলেন, ‘সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়দা লোটার চেষ্টা করছে। বিতর্কিত বিষয় আদালতে আনা হচ্ছে। আদালত স্পর্শকাতর স্থান। রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে যেন আদালতকে সিদ্ধান্ত নিতে না হয়। আমরা আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করি। এ নিয়ে আদালত অঙ্গন উত্তপ্ত হলে কী দাঁড়াবে? আদালত অঙ্গনে যেন অস্থিরতা বিরাজ না করে, সে জন্যই এ আহ্বান। কারণ কোনো সরকারই শেষ সরকার নয়। অতীতে আমরা বহু ক্ষমতাধর সরকার দেখেছি, তাদের আগমন ও বিদায় দেখেছি।’ আদালতের বাইরে কী ধরনের সামাধান হতে পারে?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে বাড়ি ছাড়তে দেওয়া নোটিশ প্রত্যাহার করতে পারেন। রিট আবেদন করেছেন খালেদা জিয়া, তাই কীভাবে বিতর্কিত বিষয় আদালতে আনা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, তাই তাত্ক্ষণিকভাবে রিট করতে হয়েছে।’ রিট খাজির করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের প্রশ্নে তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ের অনুলিপির জন্য আবেদন করা হয়েছে।’ ত্রিশ দিনের মধ্যে বাড়ি ছাড়া প্রশ্নে তিনি বলেন, রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর থেকে দিন গণনা শুরু হবে।